মেহেরপুরে মরা গরুর মাংস বিক্রির চেষ্টা, কসাইয়ের কারাদণ্ড
মেহেরপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামে মরা গরু জবাই ও মাংস বিক্রির চেষ্টা করায় আমির হামজা নামের এক কসাইকে ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে পিরোজপুর গ্রামে অভিযান চালিয়ে আমির হামজাকে কারাদণ্ড দেওয়া হয়। তিনি পিরোজপুর গ্রামের পশ্চিম পাড়ার বরকত আলীর ছেলে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মেহেরপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুর গ্রামে অভিযান চালিয়ে মরা গরু জবাই ও মাংস শহরে সরবরাহের প্রস্তুতির সময় মো. হামজাকে আটক করা হয়। পরে তাকে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়।
ঢাকা/ফারুক/রফিক