ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সরকারের পক্ষপাতদুষ্ট আচরণ স্পষ্ট: নুর

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৩, ২৫ জুলাই ২০২৫   আপডেট: ২০:২৮, ২৫ জুলাই ২০২৫
সরকারের পক্ষপাতদুষ্ট আচরণ স্পষ্ট: নুর

কুমিল্লা টাউন হল মাঠে আয়োজিত সমাবেশে যোগ দেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর

সরকার সদ্য গঠিত একটি রাজনৈতিক দলকে পৃষ্ঠপোষকতা দিয়ে পক্ষপাতদুষ্ট আচরণ করছে বলে অভিযোগ করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর। 

তিনি বলেন, “সরকারের এমন আচরণ শুধু গণঅধিকার পরিষদ নয়, দেশের অধিকাংশ সচেতন নাগরিক ও রাজনৈতিক মহলের কাছেই প্রশ্নবিদ্ধ।”

আরো পড়ুন:

শুক্রবার (২৫ জুলাই) বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে ‘গণঅভ্যুত্থানের জনআকাঙ্ক্ষা ও রাষ্ট্র সংস্কার’ শীর্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নুরুল হক নুর বলেন, “সরকার চারটি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে গেলেও একটি সদ্য জন্ম নেওয়া, নিবন্ধনহীন দলকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে। এনসিপির প্রতি সরকারের এই সহযোগিতা পূর্বের ‘কিংস পার্টি’ গঠনের মতোই একটি নজির।”

তিনি আরো বলেন, “নির্বাচনের আগে সরকার যদি নিরপেক্ষ আচরণ নিশ্চিত করতে ব্যর্থ হয়, তবে দেশবাসী নিরপেক্ষ সরকারের দাবি জানাতেই পারে। নির্বাচনের আগেই একটি নিরপেক্ষ সরকারের প্রয়োজন দেখা দিতে পারে।”

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ইঙ্গিত করে তিনি বলেন, “নির্বাচন যত ঘনিয়ে আসছে, ফ্যাসিবাদীদের দোসররা তত বেশি দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে। তাই জনগণ আজ আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধের দাবি তুলছে।”

সমাবেশে আরো উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানসহ কুমিল্লা জেলা ও মহানগর কমিটির নেতারা।

ঢাকা/রুবেল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়