ভারতীয় নাগরিকের মরদেহ হস্তান্তর
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের শিংনগর সীমান্ত দিয়ে হিরো মন্ডল (২৬ নামে) এক ভারতীয় নাগরিকের মরদেহ হস্তান্তর করা হয়েছে।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের উপস্থিতিতে বুধবার (২৭ আগস্ট) দুপুরে নৌ-পুলিশের সদস্যরা পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেন।
এ তথ্য নিশ্চিত করেছেন গোদাগাড়ি নৌ-পুলিশের ওসি তৌহিদুর রহমান।
মারা যাওয়া হিরো মন্ডল (২৬) ভারতের মালদা জেলার সুজাপুরের কালাচাঁদ মণ্ডলের ছেলে।
সংশ্লিষ্টরা জানান, হিরো মন্ডল পেশায় জেলে। তিনি ভারতের গঙ্গায় মাছ ধরতে গিয়ে ডুবে নিখোঁজ হন। পানির স্রোতে তার মরদেহ ভেসে আসে। গত সোমবার পদ্মা নদীতে অর্ধগলিত অবস্থায় হিরো মন্ডলের মরদেহ দেখতে পেয়ে বিজিবি সদস্যরা পুলিশকে খবর দেন। পরে নৌ-পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠায়।
পরিচয় শনাক্তের পর আজ বুধবার দুপুরে শিবগঞ্জের শিংনগর সীমান্ত এলাকা দিয়ে ওই ব্যক্তির মরদেহ হস্তান্তর করা হয়।
গোদাগাড়ি নৌ-পুলিশের ওসি তৌহিদুর রহমান বলেন, “মাছ ধরতে গিয়ে গঙ্গা নদীতে ডুবে নিখোঁজ হন হিরো মন্ডল। এ নিয়ে ভারতের বৈশবনগর থানায় নিখোঁজ ডায়েরি করেন তার পরিবারের সদস্যরা। সব তথ্য নিশ্চিত হওয়ার পরই বুধবার মরদেহটি হস্তান্তর করা হয়। এ সময় ভারতের বৈশবনগর থানা পুলিশ, বিএসএফ এবং বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।”
ঢাকা/মেহেদী/মাসুদ
হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশকে তেল পরিবহণের সুযোগ করে দিয়েছে ইরান