ঢাকা     শুক্রবার   ১৩ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৮ ১৪৩২ || ২৩ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ভাইজি জামাইয়ের কোদালের কোপে চাচা শ্বশুর নিহত

কিশোরগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৪, ৩ অক্টোবর ২০২৫   আপডেট: ২১:২৬, ৩ অক্টোবর ২০২৫
ভাইজি জামাইয়ের কোদালের কোপে চাচা শ্বশুর নিহত

কিশোরগঞ্জের মিঠামইনে ভাইজি জামাইয়ের কোদালের কোপে চাচা শ্বশুর নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে উপজেলার ঘাগড়া ইউনিয়নের কলাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত মো. মুকতু মিয়া (৭০) ওই গ্রামের মৃত আবদুল মালেকের ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন। অভিযুক্ত সোহেল মিয়া পার্শ্ববর্তী ভরা গ্রামের বাসিন্দা। বিয়ের পর থেকে তিনি স্ত্রীসহ কলাপাড়া গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করতেন।

মিঠামইন থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির বলেন, ‘‘কিছুদিন আগে মুকতু মিয়ার নববিবাহিত ছেলের বউ কাউকে না জানিয়ে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি চলে যান। এ নিয়ে মুকতু মিয়ার ছোট ভাই মফিজ মিয়া প্রায়ই বড় ভাইয়ের সঙ্গে তর্কাতর্কি করতেন। মফিজ মিয়ার অভিযোগ, এ ঘটনায় তার সম্মান গেছে। মানুষের সামনে মুখ দেখাতে লজ্জা পাচ্ছেন তিনি। শুক্রবার দুপুরে একই বিষয় নিয়ে তাদের মধ্যে ফের তর্ক শুরু হয়। এ সময় মফিজ মিয়ার মেয়ের জামাই সোহেল শ্বশুরের পক্ষ নিয়ে হাতে থাকা কোদাল দিয়ে চাচা শ্বশুর মুকতু মিয়ার মাথায় কোপ দেন। এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’’

তিনি আরো বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এ বিষয়ে নিহতের স্বজনদের লিখিত অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’’

ঢাকা/রুমন/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়