ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বাসে স্কুলছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ, চালক আটক

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৪, ১৪ অক্টোবর ২০২৫   আপডেট: ০৮:৩৭, ১৪ অক্টোবর ২০২৫
বাসে স্কুলছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ, চালক আটক

আটক বাসচালক শাকিব

বন্ধুর সঙ্গে বগুড়ায় বেড়াতে যাওয়ার সময় বাসে দশম শ্রেণির এক স্কুলছাত্রী শ্লীলতাহানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত বাসচালক শাকিবকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত বাসের হেলপার পলাতক।

সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যার পর বিষয়টি জানাজানি হয়। এর আগে, দুপুর ৩টার দিকে শহরতলীর বনানী এলাকার একটি মোটর গ্যারেজে ঘটনাটি ঘটে।

আরো পড়ুন:

আটক শাকিব বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিড়া বি-ব্লক এলাকার বাসিন্দা। রাত ৯টার দিকে টাঙ্গাইলের এলেঙ্গা থেকে তাকে বগুড়া ডিবি পুলিশ আটক করে।

স্থানীয় সূত্র জানায়, শ্লীলতাহানির শিকার স্কুলছাত্রী সিরাজগঞ্জের বাসিন্দা। ঢাকার মিরপুরের এক স্কুলছাত্রের সঙ্গে তার মোবাইল ফোনে পরিচয় হয়। সোমবার সকালে ছেলেটি ঢাকা থেকে কিশোরীর সঙ্গে দেখা করতে সিরাজগঞ্জের কড্ডার মোড়ে যান। এরপর তারা সেখান থেকে বগুড়াগামী ‘আর কে ট্রাভেলস’এর একটি বাসে ওঠেন। যাত্রাপথে হেলপার বুঝতে পারেন তারা বন্ধু। 

দুপুর আড়াইটার দিকে বাসটি বগুড়ার বনানী মোড়ে পৌঁছানোর পর সব যাত্রী নেমে যান। কিশোরী ও তার বন্ধু বাস থেকে নামতে চাইলে তাদের বাধা দিয়ে বাসটি পর্যটন মোটেলের পাশে থাকা একটি মোটর গ্যারেজে নিয়ে যান চালক ও হেলপার। সেখানে হেলপার ওই ছাত্রীর বন্ধুকে ভয় দেখিয়ে সরিয়ে দেন। এরপর চালক শাকিব বাসের ভেতর কিশোরীর শ্লীলতাহানি করেন। বিকেল সাড়ে ৪টার দিকে তারা ঠনঠনিয়া বাস টার্মিনালে ফিরে আসেন। কিশোরীর কান্না দেখে কয়েকজন শ্রমিক ঘটনাটি জানতে পারেন। পরে তারা কিশোরী এবং তার বন্ধুকে ঢাকাগামী আরেকটি বাসে তুলে দেন।

বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান বলেন, “বিষয়টি জানার পরপরই আমরা ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চালাই। সিরাজগঞ্জ হাইওয়ে পুলিশের সহযোগিতায় রাত ৯টায় টাঙ্গাইলের এলেঙ্গা থেকে শাকিবকে আমাদের ডিবি পুলিশ আটক করে।”

তিনি বলেন, “ভুক্তভোগী আমাদের হেফাজতে আছেন। তার সঙ্গে কথা বলার চেষ্টা করা হচ্ছে। প্রাথমিকভাবে ভুক্তভোগী আমাদের জানিয়েছেন, বাসচালক তার শ্লীলতাহানি করেছে। আমরা মেয়েটির অভিভাবককে ডেকেছি। তারা আসছেন। তারা যেভাবে অভিযোগ দেবেন, আমরা সেভাবে ব্যবস্থা নেব।”

ঢাকা/এনাম/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়