ঢাকা     মঙ্গলবার   ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কিশোরগঞ্জে বিজয় দিবসের অনুষ্ঠানে বিএনপির স্লোগান, থামালেন ইউএনও

কিশোরগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৮, ১৭ ডিসেম্বর ২০২৫   আপডেট: ০৯:১২, ১৭ ডিসেম্বর ২০২৫
কিশোরগঞ্জে বিজয় দিবসের অনুষ্ঠানে বিএনপির স্লোগান, থামালেন ইউএনও

স্লোগান দিয়ে মঙ্গলবার হোসেনপুরে বিজয় দিবসের সরকারি অনুষ্ঠানে প্রবেশ করেন বিএনপির নেতাকর্মীরা

কিশোরগঞ্জের হোসেনপুরে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত সরকারি অনুষ্ঠানে যোগ দেওয়ার সময় বিএনপি নেতাকর্মীদের স্লোগান দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় দলটির নেতাদের উদ্দেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা বলেন, “সরকারি অনুষ্ঠানে কোনো দলীয় স্লোগান দেওয়া যাবে না।”

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা ১১টার দিকে হোসেনপুর উপজেলা পরিষদ মাঠে আয়োজিত অনুষ্ঠানে ঘটনাটি ঘটে। উপজেলা পরিষদ বিজয় দিবসের এই অনুষ্ঠানের আয়োজন করে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

আরো পড়ুন:

 

 ভিডিওতে দেখা যায়, বিএনপির নেতাকর্মীরা অনুষ্ঠানস্থলে প্রবেশ করার সময় ‘মুক্তিযুদ্ধের ঘোষক জিয়া, লও লও লও সালাম’ স্লোগান দিচ্ছেন। এ সময় ইউএনও কাজী নাহিদ ইভা মিছিলের সামনে দাঁড়িয়ে স্লোগানকারীদের উদ্দেশে বলেন, “এটি একটি সরকারি অনুষ্ঠান, এখানে দলীয় স্লোগান দেওয়া যাবে না।” এ ঘটনাকে কেন্দ্র করে কিছু সময়ের জন্য উত্তেজনা তৈরি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং অনুষ্ঠান যথারীতি সম্পন্ন হয়।

হোসেনপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবদল নেতা মশিউর রহমান চন্দন বলেন, “আমরা কোনো দলীয় স্লোগান দেইনি, এমনকি ধানের শীষের স্লোগানও না। আমরা স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের নামে স্লোগান দিয়েছি। এতে ইউএনও ক্ষিপ্ত হয়ে ওঠেন। যা অত্যন্ত দুঃখজনক।”

এ বিষয়ে জানতে ইউএনও কাজী নাহিদ ইভার ব্যবহৃত সরকারি মোবাইল নম্বরে গণমাধ্যম কর্মীরা একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি কল রিসিভ করেননি।

ঢাকা/রুমন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়