ডিজেল ও সিমেন্ট পাচারকালে বোটসহ ১১ জনকে আটক নৌবাহিনীর
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম
মিয়ানমারে ডিজেল ও সিমেন্ট পাচারকালে বোটসহ ১১ জন পাচারকারীকে আটক করেছে নৌবাহিনীর টহল জাহাজ। শুক্রবার (২৬ ডিসেম্বর) বঙ্গোপসাগরে টহল চলাকালে কুতুবদিয়া বহিঃনোঙর এলাকা থেকে এদের আটক করা হয়। বোট থেকে উদ্ধার করা হয় ১০০০ লিটার ডিজেল, ৬৫০ বস্তা সিমেন্ট ও একটি ইঞ্জিন চালিত বোট।
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রামস্থ নৌবাহিনীর মিডিয়া বিভাগ থেকে এই অভিযানের সত্যতা নিশ্চিত করে জানানো হয়, একটি পাচারকারী চক্র ইঞ্জিন চালিত বোটের মাধ্যমে সমুদ্রপথে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে মিয়ানমারে সিমেন্ট পাচার করার গোপন সংবাদ পায় নৌবাহিনী। এই সংবাদের ভিত্তিতে নৌবাহিনী সেন্টমার্টিন ও তৎসংলগ্ন এলাকায় টহল জোরদার করে। এ সময়, নৌবাহিনী জাহাজ শহীদ মহিবুলাহ কুতুবদিয়া বাতিঘর হতে ৪২ মাইল অদূরে সন্দেহজনক মাছ ধরার একটি বোট শনাক্ত করে। নৌবাহিনী জাহাজ বোটটিকে থামার সংকেত প্রদান করলে, বোটটি গতিপথ পরিবর্তন করে পালানোর চেষ্টা করে।
বাংলাদেশ নৌবাহিনী জাহাজ মহিবুল্লাহ ধাওয়া করে ‘এফবি অঙ্কিতা অন্বেষা’ নামক বোটটিকে আটক করে। আটককৃত বোটটি তল্লাশি করে ১০০০ লিটার ডিজেল এবং ৬৫০ বস্তা বাংলাদেশি ডায়মন্ড সিমেন্ট জব্দ করা হয়। এ সময় চোরাকারবারের সাথে সংশ্লিষ্ট ১১জন সদস্যকেও আটক করা হয়।
আটককৃত ব্যক্তিরা জানায়, “অধিক মুনাফা লাভের আশায় ডিজেল ও সিমেন্টগুলো মায়ানমারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। পরবর্তীতে জব্দকৃত মালামাল ও আটকৃত ব্যক্তিদের অইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রামের পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়।”
উল্লেখ্য, সমুদ্র ও উপকূলীয় অঞ্চলে সন্ত্রাস, মাদক চোরাচালান ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড দমনে নৌবাহিনীর অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।
ঢাকা/রেজাউল করিম/জান্নাত
ভারতীয় উপ-মহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন