মা-বোনদের চলাচলে শতভাগ নিরাপত্তা দেওয়া হবে: জামায়াত আমির
কুড়িগ্রাম প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কুড়িগ্রাম কলেজ মাঠে নির্বাচনি সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “সারা বাংলায় এখন মুক্তির গণ জোয়ার শুরু হয়েছে। আমরা মা’দের কথা দিচ্ছি, আমাদের সবকিছুর বিনিময়ে আপনাদের চলাচলে শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হবে। মা-বোনদের সম্মান করা আমাদের সবচেয়ে বড় দায়িত্ব।”
বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে কুড়িগ্রাম কলেজ মাঠে ১১ দলীয় জোটের নির্বাচনি জনসভায় এসব কথা বলেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, “চারদিন আগে আমার এক্স আইডি হ্যাক করে যা তা চালানো হয়েছে। এ নিয়ে একটি দল তাইরে-নাইরে বলে ঝাপিয়া পড়ে। ওদের চুনুপুটিসহ বড় বড় নেতারাও গান গাওয়া শুরু করলো। আমাদের সাইবার টিম শক্তভাবে ঘটনাটি কারা ঘটিয়েছে তা ধরে ফেলেছে। অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করেছে। সত্য ঢাকা থাকে না।”
তিনি বলেন, “রংপুর অঞ্চলের আবু সাঈদ বলেছিল, ‘ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর’। গুলি পিঠে নেয়নি, তিন তিনটি গুলি বুকে নিয়েছিল। এটাই বীরত্বের পরিচয়। এখান থেকে জুলাই আন্দোলন জ্বলে উঠেছিল। আপনারা বড়ই সৌভাগ্যবান।”
“আমাদের নদীগুলোকে কঙ্কাল বানিয়ে হত্যা করা হয়েছে। নদী ভাঙনরোধের জন্য যতগুলো বাজেট হয়েছে সব চোরদের পেটে গিয়েছে। এই চোরেরা বিদেশে পাচার করেছে ২৮ লাখ কোটি টাকা। আমরা যদি সুযোগ পাই, তাহলে ওদের বুকে হাত ঢুকিয়ে সব বের করে আনা হবে। ক্ষমতায় গেলে দেশের সবচেয়ে পিছিয়ে পড়া জেলা কুড়িগ্রাম থেকে উন্নয়ন শুরু হবে”, যোগ করেন তিনি।
জামায়াতের আমির বলেন, “জামায়াতে ইসলামী এই যুগে সবচেয়ে বড় দল। আমরা কোনো দলীয় সরকার কায়েম করতে চাই না। আমরা পরিবার ও গোষ্ঠীতন্ত্র কায়েম করতে চাই না। আমরা চাই ১৮ কোটি মানুষের বিজয়।”
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আকতার হোসেন, জেলা জামায়াতের আমির আজিজুর রহমান সরকার, সেক্রেটারি নিজাম উদ্দিন, এনসিপির জেলা আহ্বায়ক মো. মুকুর মিয়া, কুড়িগ্রাম-১ আসনে জামায়াতের প্রার্থী আনোয়ারুল ইসলাম, কুড়িগ্রাম-২ আসনে এনসিপির প্রার্থী ড. আতিক মুজাহিদ, কুড়িগ্রাম-৩ আসনের জামায়াতের প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহীসহ অন্যরা।
ঢাকা/বাদশাহ/মাসুদ