বাদলের দাফন সম্পন্ন
শেরপুর-৩ আসনে নির্বাচন বাতিল
শেরপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
শেরপুর শহরের পৌর পার্ক মাঠে নুরুজ্জামান বাদলের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবং শেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি নুরুজ্জামান বাদলের (৫১) দাফন সম্পন্ন হয়েছে। তার মৃত্যুতে জেলা রিটার্নিং কর্মকর্তা তরফদার মাহমুদুর রহমান গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই আসনে নির্বাচনি কার্যক্রম বাতিল করেছেন।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় শেরপুর শহরের পৌর পার্ক মাঠে তার প্রথম জানাজা ও বিকেল ৫টায় শ্রীবরদী সরকারি কলেজ মাঠে দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে পোড়াগর এলাকায় তার পারিবারিক করস্থানে দাফন করা হয়।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা মাওলানা এ টি এম মাসুম, সামিউল হক ফারুকী, শেরপুর জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমানসহ জামায়াতের জেলা ও উপজেলার নেতাকর্মী, বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ জানাজায় অংশ নেয়।
নিহত নুরুজ্জামান বাদলের ছোট ভাই আলহাজ্ব মাসুদুর রহমান বলেন, পবিত্র শবেবরাতের নামাজ শেষে বাসায় যান নুরুজ্জামান বাদল। রাতের খাবার খেয়ে আবার নামাযের প্রস্তুতি নেওয়ার সময় শ্বাসকষ্ট শুরু হলে তাকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ স্বদেশ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রাস্তায় তার মৃত্যু হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে রাত আড়াইটার সময় মৃত ঘোষণা করেন।
নুরুজ্জামান বাদল শেরপুর-৩ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ছিলেন। তার মৃত্যুতে শেরপুর জেলার রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের সৃষ্টি হয়েছে। দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
তার মৃত্যুতে আসনে নির্বাচনি আমেজে ভাটা পড়লেও তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদুল হক রুবেল মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এ সময় তিনি বলেন, ‘‘বাদল আমার কাছের ছোট ভাই ছিল। বিগত দিনে আওয়ামী লীগের বিরুদ্ধে ৪ দলীয় জোটের আন্দোলন সংগ্রামে তিনি মুখ্য ভুমিকা পালন করেছেন। আমরা দুইজন মিলে পরামর্শ করে আন্দোলন করেছি। তার অকাল প্রয়াণে আমরা শোকাহত।’’
নির্বাচন বাতিলের ব্যাপারে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তরফদার মাহমুদুর রহমান বলেন, আরপিও এর বিধান অনুযায়ী নির্বাচন বাতিল ছাড়া বিকল্প নেই। গণবিজ্ঞপ্তির মাধ্যমে নির্বাচন বাতিল করা হয়েছে। এ আসনের নির্বাচনে আবার নতুন করে তফসিল ঘোষণা করা হবে।
আগামী ১২ ফেব্রুয়ারি বা এর আগে এই আসনে নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনা নেই বলে জানান তিনি।
ঢাকা/তারিকুল/বকুল