ভিডিও ভাইরাল
‘ধানের শীষে ভোট দিলে ইহকালে শান্তি, পরকালেও মুক্তি’
পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার লক্ষ্মীরহাট দ্বিমুখী দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক আসসাদ আলীর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভাইরাল ভিডিওতে তাকে বলতে শোনা যায়—‘ধানের শীষে ভোট দিলে ইহকালে শান্তি, পরকালেও মুক্তি।’
আসসাদ আলীর এই বক্তব্য নিয়ে স্থানীয়ভাবে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। এর অন্যতম কারণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেবীগঞ্জে সহকারী প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালনের কথা রয়েছে। যদিও পঞ্চগড় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামন এমন কথা উড়িয়ে দিয়েছেন।
তিনি বলেছেন, “প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার কিংবা পোলিং অফিসার নিয়োগ এখনো চূড়ান্ত হয়নি। আসসাদ আলীর নাম সহকারী প্রিসাইডিং অফিসারের প্রাথমিক তালিকাতেও নেই।”
তবে, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসানের স্বাক্ষরিত গত ২৭ জানুয়ারির সহকারী প্রিসাইডিং অফিসারদের প্রশিক্ষণ তালিকায় ১৩৫ নম্বরে আসসাদ আলীর নাম রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ৪৪ সেকেন্ডের ভিডিওতে আসসাদ আলীকে বলতে শোনা যায়, “ধানের শীষে ভোট দিলে ইহকালেও শান্তি পাবেন, পরকালেও মুক্তি পাবেন। অর্থাৎ ইহকালের শান্তি এবং পরকালের মুক্তির ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। আপনারা সকলে মিলে ধানের শীষে ভোট দিবেন। আর যেই দলটি আপনার আমার মা-বোনকে বেইজ্জতিমূলক কথাবার্তা বলতেছে; এই দলটিকে ১২ তারিখে লাল কার্ড দেখাবেন ইনশাআল্লাহ।”
সোমবার (৩ ফেব্রুয়ারি) উপজেলার পামুলী ইউনিয়নের ঢাঙ্গীরহাট উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির আয়োজনে এক নির্বাচনি জনসভায় তিনি এমন বক্তব্য দিয়েছেন বলে দাবি করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, আসসাদ আলী ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবেও দায়িত্বে রয়েছেন।
এ বিষয়ে জানতে আসসাদ আলীর মোবাইলে যোগাযোগের চেষ্টা করেন এই প্রতিবেদক। তবে, কল রিসিভি না করায় মন্তব্য জানা যায়নি।
একইভাবে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসানের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করা হয়। তিনিও কল রিসিভ করেননি।
ঢাকা/নাঈম/রাজীব