জামায়াতে ভোট দিলে দিনের আলোতেই তাদের রগ কাটব: কৃষক দল নেতা
পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
জামায়াত প্রার্থীকে ভোট দিলে তাদের রগ কাটার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক কৃষক দল নেতার বিরুদ্ধে। তার নাম মক্কেল মৃধা। তিনি পাবনার ঈশ্বরদীর সাহাপুর ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক।
গত রবিবার (১ ফেব্রুয়ারি) উপজেলার সাহাপুর ইউনিয়নের চর গড়গড়ি দাখিল মাদ্রাসার মাঠে পাবনা-৪ আসনে বিএনপি প্রার্থী হাবিবুর রহমান হাবিবের নির্বাচনি জনসভায় তিনি এ হুমকি দেন বলে অভিযোগ।
সামাজিক যোগাযোগমাধ্যমে এ-সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভাইরাল ভিডিওতে মক্কেল মৃধাকে বলতে শোনা যায়, “জামায়াতের কোনো প্রোগ্রাম চলবে না। জামায়াতকে যারা ভোট দেবে তাদের রাতের অন্ধকারে নয়, দিনের আলোতেই তাদের রগ কাটব।”
এ বিষয়ে জানতে মক্কেল মৃধার মোবাইলে ব্যবহৃত নম্বরে যোগাযোগের চেষ্টা করেন এই প্রতিবেদক। তবে, নম্বরটি বন্ধ পাওয়া যায়।
পাবনা-৪ আসনের দায়িত্বপ্রাপ্ত সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান বলেন, “ভিডিওটি দেখেছি। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
ঢাকা/শাহীন/রাজীব