নির্বাচন অস্ট্রেলিয়া-উগান্ডা ক্রিকেট ম্যাচের মতো হবে: আমির হামজা
কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কুষ্টিয়ায় নির্বাচনি সমাবেশে বক্তব্য রাখছেন আমির হামজা
১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন অস্ট্রেলিয়া–উগান্ডা ক্রিকেট ম্যাচের মতো হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াত প্রার্থী ও ইসলামী বক্তা মুফতি আমির হামজা।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে কুষ্টিয়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডে নির্বাচনি মহিলা সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
এ সময় তিনি বলেন, “অস্ট্রেলিয়া-উগান্ডার যে ম্যাচ হয়, আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচন তেমনই হতে যাচ্ছে। আগামীতে জাস্ট ওয়েট ফর সি দেখার জন্য আহ্বান জানিয়ে প্রত্যেকের জায়গা থেকে কাজ করার আহ্বান জানাই।”
কুষ্টিয়া সদর আসন নিয়ে আমির হামজা বলেন, “কুষ্টিয়া সদরের তিন নম্বর আসনে দাঁড়িপাল্লার ভূমিধস বিজয় হবে- এ বিষয়ে আমরা শতভাগ আশাবাদী।”
তিনি বলেন, “দেশে প্রায় ৪ কোটি তরুণ ভোটার আছে। এখানে ৩৭ দশমিক ৪ শতাংশ মানুষ চায় দাঁড়িপাল্লা ক্ষমতায় আসুক। ধানের শীষের সমর্থন ২৭ শতাংশ, এনসিপির ১৭ শতাংশ।”
তিনি আরো বলেন, “এনসিপি জামায়াতে ইসলামীর সঙ্গে ১১ দলীয় জোটের শরিক। সে হিসাবে অন্যান্য দল বাদ দিলে দুই দলের তরুণ ভোটারদের আগ্রহ মিলিয়ে প্রায় ৫৫ শতাংশ ভোট পাওয়ার আশা করছি আমরা।”
সমাবেশে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন, শহর জামায়াতের আমির এনামুল হকসহ জেলা জামায়াতের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
ঢাকা/কাঞ্চন/ফিরোজ