বেগমগঞ্জে জামায়াতের গণসংযোগে হামলার অভিযোগ, আহত ৭
নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
হামলায় আহত একজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা বোরহান উদ্দিনের সমর্থকদের গণসংযোগে হামলার অভিযোগ উঠেছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে উপজেলার কাজী বাড়ির সামনে ঘটনাটি ঘটে। এতে সাতজন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
আহত নজরুল ইসলাম সাগর ও মো. হাবিব উল্লাহ জানান, বুধবার বিকেল থেকে তারা গণসংযোগ শুরু করেন। সন্ধ্যর পরে কাজী বাড়ির সামনে গেলে দেশীয় অস্ত্র নিয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়। এ সময় এনসিপি কর্মী জাহিদ (১৯), হৃদয় (২৭), অনিক (১৯), অপূর্ব (১৯), সাইফ (১৮), নজরুল ইসলাম সাগর এবং মো. হাবিব উল্লাহ আহত হন। পরে তাদের স্থানীয় ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। এনসিপির কর্মী জাহিদকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিউরোসাইন্স হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে জানতে বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামাক্ষা চন্দ্র দাসের মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।
বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সামছুজ্জামান জানান, উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটেছে। জামায়াত প্রার্থীর পক্ষে একটা লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
ঢাকা/সুজন/মাসুদ