ঢাকা     সোমবার   ০৯ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৪ ১৪৩২ || ২০ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

নাটোরে মধ্যরাতে বাড়িতে আগুন, মা-মেয়ের মৃত্যু

নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫১, ৯ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১০:৫৪, ৯ ফেব্রুয়ারি ২০২৬
নাটোরে মধ্যরাতে বাড়িতে আগুন, মা-মেয়ের মৃত্যু

নাটোরের গুরুদাসপুর উপজেলার ঝাউপাড়া বিন্নাবাড়ী এলাকার একটি বাড়িতে রবিবার মধ্যরাতে আগুন লেগে মারা যায় মা ও মেয়ে।

নাটোরের গুরুদাসপুর উপজেলায় একটি বাড়িতে আগুন লেগে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরো একজন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত ৩টা ৪০ মিনিটের দিকে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের ঝাউপাড়া বিন্নাবাড়ী এলাকায় ঘটনাটি ঘটে। ফায়ার সার্ভিসের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

আরো পড়ুন:

মারা যাওয়ারা হলেন- কৃষক রান্টুর স্ত্রী আতিয়া খাতুন (২৮) এবং তাদের এক বছর বয়সী শিশু মেয়ে রওজা। অগ্নিকাণ্ডে রান্টুর মা মর্জিনা বেগম দগ্ধ হয়েছেন। 

স্থানীয় বাসিন্দারা জানান, মধ্যরাতে রান্টুর বাড়িতে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। আশপাশের লোকজন ছুটে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন। এ সময় ঘরের মধ্যে আটকা পড়ে আতিয়া ও তার মেয়ে শিশু মারা যান।

গুরুদাসপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতাউর রহমান জানান, “ভোর ৪টা ৪৫ মিনিটে আমরা অগ্নিকাণ্ডের খবর পাই। ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আমাদের পৌঁছানোর আগেই মা ও মেয়ের মৃত্যু হয়।”

তিনি আরো বলেন, “প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে।”

স্থানীয় সূত্র জানায়, আগুনে রান্টুর বাড়ির মোট চারটি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। পাশাপাশি তাদের একটি মুদি দোকানও ভস্মীভূত হয়েছে। অগ্নিকাণ্ডে ঘরের ভেতরে থাকা আসবাবপত্র, ধান-চালসহ সবকিছুই পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া আগুনে পুড়ে মারা গেছে পরিবারের পালিত ১২টি ছাগল।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল হোসেন জানান, আগুনে দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ঢাকা/আরিফুল/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়