নারী ভোটারদের মুখের নেকাব খুলে ভোট নেওয়ার দাবি আরিফুলের
সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সিলেট-৪ আসনের বিএনপি প্রার্থী আরিফুল হক চৌধুরী
কেন্দ্রে আসা নারী ভোটারদের মুখের নেকাব খুলে ভোট গ্রহণের দাবি জানিয়েছেন সিলেট-৪ আসনের বিএনপি প্রার্থী আরিফুল হক চৌধুরী।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে সিলেটের রিটার্নিং কর্মকর্তার সঙ্গে দেখা করে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি করেন।
যুক্তি তুলে ধরে আরিফ বলেন, “বোরকা পড়ে কেন্দ্রে আসুন। কিন্তু ভেতরে যেন বোরকা খুলে ভোট প্রদান করেন। এর কারণ হচ্ছে- অনেক ভোটারই জাল ভোট দিতে কেন্দ্রে আসতে পারেন। ইতোমধ্যে ভোটের মাঠে এমন অভিযোগ চাউর হওয়ায় বিষয়টি নির্বাচনি কর্মকর্তাদের জানিয়ে এসেছি।”
আরিফুল হক চৌধুরী যে এলাকা থেকে নির্বাচন করছেন সেটি হচ্ছে সীমান্তবর্তী দুর্গম এলাকা। তিনি অভিযোগ করেন- ইতোমধ্যে অনেকেই পুলিশের ভুয়া পোশাক তৈরি করছেন বলে অভিযোগ এসেছে। সীমান্তবর্তী অনেক কেন্দ্রই রয়েছে যেগুলোতে যাতায়াতের ব্যবস্থা নেই। কেউ কেউ ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা করতে পারে। এ কারণে ওই সব এলাকায় বেশি সংখ্যক আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন তিনি।
সিলেট- ৪ আসনে আরিফুল হক চৌধুরীর সঙ্গে অন্য প্রার্থীরা হলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মো. জয়নাল আবেদিন (দাঁড়িপাল্লা), জাতীয় পার্টির মুজিবুর রহমান (লাঙল), ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা সাঈদ আহমদ (হাতপাখা), গণঅধিকার পরিষদের জহিরুল ইসলাম (ট্রাক)।
ঢাকা/রাহাত/ফিরোজ