রাজশাহীতে বিএনপি কর্মীকে কুপিয়ে আহত করার অভিযোগ
রাজশাহী সংবাদদাতা || রাইজিংবিডি.কম
রাজশাহীর চারঘাট উপজেলায় দিনদুপুরে এক বিএনপি কর্মীকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে জামায়াতের এক কর্মীর বিরুদ্ধে। আহত ওই বিএনপি কর্মীকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত বিরাজ আলী (৪৭) ওই গ্রামের বাসিন্দা ও রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের বিএনপির প্রার্থী আবু সাঈদ চাঁদের কর্মী।
হামলার পর স্থানীয়রা বিরাজকে উদ্ধার করে প্রথমে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
বিরাজ আলী বলেন, “আমি সাইকেল চালিয়ে যাচ্ছিলাম। স্থানীয় জামায়াতের এক কর্মী মাথায় হেলমেট পরে আমাকে ধাক্কা দেয়, পড়ে গেলে আমাকে চাপাতি দিয়ে কোপাতে থাকে। আমার দুই পায়ে কোপায়। বাধা দিতে গেলে হাতেও কোপ খাই। ডাক-চিৎকার দিলে সে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।”
রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস বলেন, “বিরাজ আলীর দুই পায়ে হাঁটুর নিচে এবং দুই হাতে ধারালো অস্ত্রের জখম ছিল। তার একটি অস্ত্রোপচার করা হয়েছে। এখন শারীরিক অবস্থা স্থিতিশীল।”
উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আইয়ুব আলী বলেন, “ঘটনা শুনেছি। উনি ভালো মানুষ। নির্ঝঞ্ঝাট মানুষ হিসেবে পরিচিত। মুখ বেঁধে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী কোনোভাবেই এতে জড়িত না। এই ঘটনার সঙ্গে রাজনৈতিক সম্পৃক্ততা নেই। আমরা প্রশাসনকে বলেছি, দোষী ব্যক্তিকে খুঁজে বের করতে।”
চারঘাট থানার ওসি হেলাল উদ্দিন ফারুকী বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কোনো উত্তেজনা নেই; পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”
ঢাকা/মাহী/রাজীব