বগুড়ায় ছাত্রদল নেতা ছুরিকাহত
বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ছুরিকাহত মিলন মিয়া।
বগুড়ার ধুনট সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মিলন মিয়াকে (২২) ছুরিকাঘাত করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে চিকাশী ইউনিয়নের হটিয়ারপাড়া ভোট কেন্দ্রের সামনে তাকে ছুরিকাঘাত করা হয়।
আহত মিলন মিয়া চিকাশী ইউনিয়নের ছোনপঁচা গ্রামের ইদ্রীস আলীর ছেলে। তিনি ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
চিকাশী ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান বলেন, ধানের শীষ প্রতীকের একজন এজেন্টের ছবি নিয়ে মিলন ভোট কেন্দ্রের সামনে দিয়ে ফিরছিল। এ সময় দাঁড়িপাল্লা প্রতীকের জামায়াত-শিবিরের লোকজন তার উপর হামলা করে। এক পর্যায়ে মিলনের মাথায় ছুরিকাঘাত করে।
ধুনট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলম হাসান বলেন, ‘‘আহত ছাত্রদল নেতা মিলন মিয়া ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। তার মাথায় সেলাই দেওয়া হয়েছে। চিকিৎসক সিটি স্ক্যান করার পরামর্শ দিয়েছেন।’’
ধুনট থানার ওসি আতিকুল ইসলাম বলেন, ‘‘ছাত্রদল নেতা মিলন মিয়ার মাথায় ছুরিকাঘাতের কথা শুনেছি। জামায়াত-শিবিরের লোকজনের বিরুদ্ধে এ হামলার মৌখিক অভিযোগ এনেছে বিএনপি। আমরা ঘটনার তদন্ত করছি।’’
ঢাকা/এনাম/বকুল