বগুড়ায় নির্বাচনি বুথ ভাঙচুরের পর জামায়াত নেতাকে উঠিয়ে নেওয়ার অভিযোগ
বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
জামায়াতে ইসলামীর বুথ ভাঙচুর
বগুড়া-৬ (সদর) আসনে মহিষবাথান সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে জামায়াতে ইসলামীর বুথ ভাঙচুরের অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। এ সময় শেখেরকোলা ইউনিয়ন জামায়াতের ৭ নাম্বার ওয়ার্ড সভাপতি মাহফুজুর রহমানকে উঠিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বগুড়া শহর জামায়াতের গণমাধ্যম বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় জামায়াতে ইসলামীর অন্তত তিন নেতাকর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে।
স্থানীয় জামায়াতে ইসলামীর অভিযোগ, ঘটনার পর থেকেই শেখেরকোলা ইউনিয়ন জামায়াতের ৭ নাম্বার ওয়ার্ড সভাপতি মাহফুজুর রহমান নিখোঁজ। খবর পেয়ে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বগুড়া শহর জামায়াতের গণমাধ্যম বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন বলেন, ‘‘বিভিন্ন স্থানের মতো বগুড়াতেও আমাদের নেতাকর্মীদের ওপরে হামলা ও আক্রমণ হচ্ছে। শেখেরকোলায় বিএনপি আমাদের নির্বাচনি বুথে হামলার পর ওয়ার্ড জামায়াতের সভাপতি মাহাফুজকে তুলে নিয়ে গেছে। তাকে ভোটকেন্দ্রের পাশের একটি বাড়িতে আটকে রাখা হয়েছিল। সেখান থেকে তাকে উদ্ধার করা হয়েছে।”
এ বিষয়ে জানতে বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি বিষয়ে আমি এখনো কিছু জানি না।”
বগুড়া সদর থানা পুলিশের ওসি মনিরুল ইসলাম বলেন, ‘‘ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক টিম কাজ করছে। জামায়াতের পক্ষ থেকে অভিযোগ পেয়েছি। অভিযোগ আমলে নেওয়া হয়েছে।’’
ঢাকা/এনাম/ফিরোজ