বগুড়ার তিনটি আসনে জয়ী বিএনপির শাহে আলম, মোশাররফ ও মিল্টন
বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বগুড়া-২ আসনে জয়ী বিএনপির মীর শাহে আলম, বগুড়া-৪ আসনে মোশাররফ হোসেন এবং বগুড়া-৭ আসনে জয়ী মোর্শেদ মিল্টন।
বগুড়ার তিনটি সংসদীয় আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থীরা।
বগুড়া জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে এই ফলাফল পাওয়া যায়।
বগুড়া-২ আসনে জয়লাভ লাভ করেছেন মীর শাহে আলম, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে মোশাররফ হোসেন ও বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনে জয়লাভ করেছেন মোরশেদ মিল্টন।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে ধানের শীষের মীর শাহে আলম ৫২ হাজার ৭০৫ ভোট বেশি পেয়ে জয়লাভ করেছে। তিনি মোট ১ লাখ ৪৫ হাজার ১৩৭টি ভোট পেয়েছেন, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী শাহাদুজ্জামান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯২ হাজার ৪৩৩ ভোট।
এই আসনে মোট ভোটকেন্দ্র ছিল ১১৪টি এবং মোট ভোটার ৩ লাখ ৩৯ হাজার ৩৪০ জন।
বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে ৪৬ হাজার ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন ধানের শীষের প্রার্থী মোশাররফ হোসেন। তিনি মোট ভোট পেয়েছেন ১ লাখ ৫৪ হাজার ৬১৪। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী দাড়িপাল্লা প্রতীকে ভোট পেয়েছেন ১ লাখ ৮ হাজার ১৬৫টি। এই আসনের মোট ভোট কেন্দ্র ১১৪টি এবং মোট ভোটার ৩ লাখ ৫৬ হাজার ৯৯৩।
বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনে ২ লাখ ৬২ হাজার ৫০১ ভোট পেয়ে বিপুল ব্যবধানে জয়লাভ করেছেন মোরশেদ মিল্টন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী গোলাম রব্বানী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ১৮৪ ভোট।
অন্য দলগুলোর মধ্যে বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থীর আনছার আলী হারিকেন প্রতীকে ভোট পেয়েছেন ৫২৮টি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী শফিকুল ইসলাম হাতপাখা প্রতীকে পেয়েছেন ২ হাজার ৩৭টি ভোট। এই আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৩৮ হাজার ৯২ জন। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১৭৪টি।
বগুড়া জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমান তার কার্যালয় থেকে এই ফলাফল ঘোষণা করেন।
ঢাকা/এনাম/রাসেল