টাঙ্গাইলে আনন্দ মিছিলের পরিবর্তে দোয়া মাহফিল
টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম
টাঙ্গাইলে খালেদা জিয়ার আত্মার মাগফিরতা কামনা করে দোয়া করা হয়।
বিএনপির কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী নির্বাচিত হওয়ার পর আনন্দ মিছিল না করে টাঙ্গাইলে খালেদা জিয়ার আত্মার মাগফিরতা কামনা করে দোয়া মাহফিল করা হয়েছে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর টাঙ্গাইল কেন্দ্রীয় মসজিদে বিএনপির প্রচার সম্পাদক ও সদর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকুর উদ্যোগে দোয়া মাহফিল ও মিষ্টি বিতরণের আয়োজন করা হয়। পরে মসজিদের মুসুল্লি ও নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
এ সময় সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘‘নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়না করার পাশাপাশি সকলকে সঙ্গে নিয়ে নিরাপদ টাঙ্গাইল গড়ে তোলা হবে। আমি সেবক হিসেবে কাজ করতে চাই। মানুষ ভুলের উর্ধে নয়, আমার ভুল হতে পারে, আমার ভুলগুলো ধরিয়ে দেবেন।’’
পরে আদালত পাড়া কালিবাড়ী মন্দিরে প্রার্থনার আয়োজন করেন সুলতান সালাউদ্দিন টুকু। দুটি আয়োজনে সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়া, সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা ও তারেক রহমানের জন্য দোয়া করা হয়।
এ সময় জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ঢাকা/কাওছার/বকুল