ঢাকা     শনিবার   ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঝিনাইদহে জামানত হারালেন ১২ প্রার্থী

ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৩৬, ১৪ ফেব্রুয়ারি ২০২৬  
ঝিনাইদহে জামানত হারালেন ১২ প্রার্থী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহের চারটি সংসদীয় আসনে ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে, জামানত হারিয়েছেন ১২ প্রার্থী। ঝিনাইদহ জেলা রিটার্নিং অফিসার আব্দুল্লাহ আল মাসউদ স্বাক্ষরিত প্রাথমিক বেসরকারি ফলাফলে এ তথ্য জানা গেছে।

নির্বাচন কমিশনের (ইসি) পরিপত্রে বলা আছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো প্রার্থী সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ না পেলে তার জামানত বাজেয়াপ্ত হবে।

আরো পড়ুন:

প্রয়োজনীয় ভোট না পাওয়ায় ঝিনাইদহের ১২ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে।

ঝিনাইদহ-১: এ আসনে মোট ভোটার ৩ লাখ ২৫ হাজার ২৭৮ জন। ভোট দিয়েছেন ২ লাখ ৩৭ হাজার ২১২ জন। প্রদত্ত ভোটের হার ৭২.৯৩ শতাংশ। আসনটিতে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

বিএনপি মনোনীত মো. আসাদুজ্জামান ধানের শীষ প্রতীকে ১ লাখ ৭৩ হাজার ৩৮১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত আবু ছালেহ মো. মতিউর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫৭ হাজার ৫৫ ভোট।

এছাড়া, জাতীয় পার্টি মনোনীত মনিকা আলম লাঙল প্রতীকে পেয়েছেন ৯৬৯ ভোট, আমার বাংলাদেশ পার্টি মনোনীত মতিয়ার রহমান ঈগল প্রতীকে পেয়েছেন ৬১০ ভোট ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) মনোনীত সহিদুল এনাম পল্লব মিয়া কাঁচি প্রতীকে পেয়েছেন ৩০৯ ভোট। আসনটিতে ৫ জন প্রার্থীর মধ্যে তিনজন জামানত হারিয়েছেন।

ঝিনাইদহ-২: এ আসনে মোট ভোটার ৫ লাখ ৬ হাজার ৬৩৮ জন। ভোট দিয়েছেন ৩ লাখ ৮৪ হাজার ৬৬৫ জন। প্রদত্ত ভোটের হার ৭৫.৯৩ শতাংশ। এই আসনে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

জামায়াতে ইসলামী মনোনীত আলী আজম মো. আবু বকর দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৯৫ হাজার ৭০২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত মো. আব্দুল মজিদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন  ১ লাখ ৭৫ হাজার ৯৮৪ ভোট।

এছাড়া, জাতীয় পার্টি মনোনীত সাওগাতুল ইসলাম লাঙল প্রতীকে পেয়েছেন ৯৯৪ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত এইচ এম মমতাজুর রহমান হাতপাখা প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৫৭১ ভোট, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মনোনীত মো. আবু তোয়াব কাস্তে প্রতীকে পেয়েছেন ৫৫৭ ভোট ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল মনোনীত মো. আসসাদুল ইসলাম মই প্রতীকে পেয়েছেন ৩৪০ ভোট। আসনটিতে ৪ জন প্রার্থী জামানত হারিয়েছেন।

ঝিনাইদহ-৩: এ আসনে মোট ভোটার ৪ লাখ ৩১ হাজার ১৫ জন। ভোট দিয়েছেন ৩ লাখ ৩৫ হাজার ৫০০ জন। প্রদত্ত ভোটের হার ৭৭.৮৪ শতাংশ। এই আসনে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

জামায়াতে ইসলামী মনোনীত মো. মতিয়ার রহমান দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৭৫ হাজার ৮৫৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত মোহাম্মদ মেহেদী হাসান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৪৯ হাজার ৮২১ ভোট।

এছাড়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মাওলানা সরোয়ার হোসেন হাতপাখা প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৮২০ ভোট ও গণঅধিকার মনোনীত সুমন কবির ট্রাক প্রতীকে পেয়েছেন ৩৮৮ ভোট। আসনটিতে ২ জন প্রার্থী জামানত হারিয়েছেন।

ঝিনাইদহ-৪: এ আসনে মোট ভোটার ৩ লাখ ৩৩ হাজার ৪৬২ জন। ভোট দিয়েছেন ২ লাখ ৪৭ হাজার ৯৩২ জন। প্রদত্ত ভোটের হার ৭৪.৩৫ শতাংশ। এই আসনে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

জামায়াতে ইসলামী মনোনীত আবু তালিব দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৫ হাজার ৯৯৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ কাপ-পিরিচ প্রতীকে পেয়েছেন ৭৭ হাজার ১০৪ ভোট।

এছাড়া, বিএনপি মনোনীত রাশেদ খান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫৬ হাজার ২২৪ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত আব্দুল জলিল হাতপাখা প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৯০৭ ভোট, জাতীয় পার্টি মনোনীত এমদাদুল ইসলাম লাঙল প্রতীকে পেয়েছেন ৬১৩ ভোট ও গণফোরাম মনোনীত খনিয়া খানম উদীয়মান সূর্য প্রতীকে পেয়েছেন ২৬৭ ভোট। আসনটিতে ৩ জন প্রার্থী জামানত হারিয়েছেন।

ঢাকা/শাহরিয়ার/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়