নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
শুক্রবার গভীর রাতে জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৭ আসনে নবনির্বাচিত সংসদ সদস্যের সরকারি ফলাফল গেজেট আকারে প্রকাশ করা হয়েছে।
নির্বাচন কমিশনের আদেশক্রমে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের স্বাক্ষরে এই গেজেট প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ (১৯৭২ সালের রাষ্ট্রপতির আদেশ নম্বর-১৫৫) এর অনুচ্ছেদ ৩৯ এর দফা (৪) অনুসারে নির্বাচনি এলাকাসমূহ থেকে জাতীয় সদস্য হিসেবে নির্বাচিত প্রার্থীদের নাম, পিতা/স্বামীর নাম, মাতার নাম ও ঠিকানা প্রকাশ করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ইতিহাসের নজিরবিহীন শান্তিপূর্ণ ভোটগ্রহণের পর বেসরকারি ফলাফল ঘোষণা করে ইসি। সারা দেশ থেকে আসা বিজয়ীদের চূড়ান্ত তালিকা শুক্রবার গভীর রাতে গেজেট প্রকাশ আকারে প্রকাশ করা হলো।
গেজেটে সংসদীয় ১ থেকে ৩০০ আসনের ক্রমানুসারে নবনির্বাচিত সংসদ সদস্যদের তালিকা দেওয়া হয়েছে। সেই সঙ্গে ভোটগ্রহণ না হওয়া শেরপুর-৩ আসন এবং ভোটগ্রহণ হওয়ার পরও আইন জটিলতায় স্থগিত রাখা দুটি আসনের তথ্যের জায়গা ফাঁকা রাখা হয়েছে।
সংসদীয় আসন ১৪৫ হলো শেরপুর-৩। নির্বাচনি প্রচার পর্বে জামায়াতের ইসলামীর প্রার্থী মোহাম্মদ নুরুজ্জামান বাদলের মৃত্যুতে এই আসনে নির্বাচন স্থগিত করে ইসি। আসনটিতে কবে নির্বাচন হবে, তা এখনো ঘোষণা করা হয়নি।
সংসদীয় আসন ২৭৯ চট্টগ্রাম-২ আসনের ফলাফল ঘোষণা স্থগিত রাখা হয়েছে। সংসদীয় আসন ২৮১ হলো চট্টগ্রাম-৪ আসন। এটিরও ফলাফল ঘোষণা স্থগিত রেখেছে ইসি। আইনি জটিলতা কাটলে এখানকার ফলাফল জানাবে নির্বাচন কমিশন।
গেজেট প্রকাশের পর নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ানোর তারিখ ঘোষণা এখন সময়ের ব্যাপারমাত্র। বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, সোমবার শপথ গ্রহণ অনুষ্ঠান হতে পারে।
আবার শপথ পড়ানোর আইনি জটিলতাও রয়েছে। আইন অনুযায়ী স্পিকার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ান। তবে দ্বাদশ সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী জুলাই অভ্যুত্থানের পর থেকে অজ্ঞাতবাসে রয়েছেন। তার অনুপস্থিতিতে এই দায়িত্ব পালন করার কথা ডেপুটি স্পিকারের। দ্বাদশ সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু জুলাই অভ্যুত্থানের মামলায় কারাগারে।
তাদের অনুপস্থিতিতে শপথ পড়ানোর সুযোগ রয়েছে বলে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন। তবে কে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন, তা এখনো নির্দিষ্ট করে জানা যায়নি। এ ক্ষেত্রে প্রধান নির্বাচন কমিশনারও শপথ পড়াতে পারেন- এমন আইনি ব্যাখ্যাও রয়েছে।
ঢাকা/এমএসবি/রাসেল