অনেক দিন পর ভোট দিয়ে ঈদের মতো আনন্দ লাগছে: আমির হামজা
কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া শহরের কুষ্টিয়া ইসলামিয়া কলেজ কেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানান কুষ্টিয়া-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মুফতি আমির হামজা
কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি আমির হামজা বলেছেন, “অনেক দিন পর ভোট দিতে পেরে ঈদের মতো আনন্দ লাগছে। উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু নির্বাচন হবে।”
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে কুষ্টিয়া শহরের কুষ্টিয়া ইসলামিয়া কলেজ কেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের কাছে এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি।
আমির হামজা বলেন, “ঈদের আনন্দ নিয়ে নির্বাচন হবে, ইনশাআল্লাহ। সবাই যেন স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারে, এই প্রত্যাশা করছি। জনগণের রায় আমরা মেনে নেব।”
একই আসনের বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখি ইউনিয়নের কমলাপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন।
এবারের জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়ার চারটি আসনে মোট ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সদর আসনে ৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
কুষ্টিয়া-৩ আসনে মোট ভোটার ৪ লাখ ৪০ হাজার ৮৪২ জন। তাদের মধ্যে পুরুষ ২ লাখ ১৭ হাজার ২৬৯ জন এবং নারী ২ লাখ ২৩ হাজার ৫৬৯ জন। এছাড়া, চারজন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন।
জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি একই সময়ে গণভোট হচ্ছে। সকাল থেকেই কুষ্টিয়ায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ হচ্ছে। সকাল ১০টা পর্যন্ত কুষ্টিয়ার চারটি সংসদীয় আসনের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি।
সকালে সরেজমিনে কয়েকটি ভোটকেন্দ্র ঘুরে ভোটারদের ভিড় দেখা গেছে। বিশেষ করে, নারী ও বয়োবৃদ্ধ ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়।
ঢাকা/কাঞ্চন/রফিক