ঢাকা     শনিবার   ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কুষ্টিয়ায় জমজমাট ফুলের বাজার

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৩, ১৪ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৪:২৩, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
কুষ্টিয়ায় জমজমাট ফুলের বাজার

কুষ্টিয়া একটি ফুলের দোকান। ছবি: রাইজিংবিডি

পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস আজ। সেই সঙ্গে সদ্য নবনির্বাচিত সংসদ সদস্যদের শুভেচ্ছা বিনিময়ের সময়। সব মিলিয়ে জমজমাট কুষ্টিয়ার ফুলের দোকানগুলো। উৎসবের রঙে রঙিন হয়ে উঠেছে কুষ্টিয়া। 

শনিবারে (১৪ ফেব্রুয়ারি) বসন্তের প্রথম দিন এবং একই দিনে বিশ্ব ভালোবাসা দিবস উদযাপিত হওয়ায় এ বছর আনন্দের মাত্রা যেন দ্বিগুণ। এর সঙ্গে যুক্ত হয়েছে সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল। বিজয়ী প্রার্থীদের শুভেচ্ছা জানাতেও ব্যাপক হারে ফুল কিনছেন সমর্থক ও সাধারণ মানুষ।

আরো পড়ুন:

শহরের থানা ট্রাফিক মোড়সহ বিভিন্ন ফুলের দোকানে শোভা পাচ্ছে লাল গোলাপ, গাঁদা, রজনীগন্ধা, জারবেরা ও গ্ল্যাডিওলাসসহ নানা প্রজাতির ফুল। বিশেষভাবে তৈরি করা হয়েছে হৃদয় আকৃতির তোড়া, বসন্ত বরণের মালা ও শুভেচ্ছা কার্ড সংযুক্ত উপহারসামগ্রী।

ফুল ব্যবসায়ীরা জানান, প্রতিবছর এই সময়টাতে বেচাবিক্রি বেশি হয়। তবে এবার দুইটি দিবস একই দিনে হওয়ায় এবং নির্বাচনি বিজয়ের কারণে বিক্রি বেড়েছে উল্লেখযোগ্য হারে।

শহরের ফুল বিক্রেতা নীলা ফুল ঘরের স্বত্বাধিকারী সুজন বলেন, গত বছরের তুলনায় এবার পাইকারি বাজারে ফুলের দাম বেশি। পরিবহন ও সরবরাহ খরচও বেড়েছে। তাই খুচরা বাজারেও কিছুটা বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে। 

তবে তিনি বলেন, ফাল্গুন এবং ভালোবাসা দিবসের জন্য ভালো ব্যবসা হচ্ছে। এছাড়া নির্বাচন পরবর্তী দিন হওয়ায় বেচাবিক্রি বেড়েছে। 

তিনি জানান, একক গোলাপ ৩০ থেকে ৬০ টাকা, রজনীগন্ধার স্টিক ৪০ থেকে ৫০ টাকা এবং ছোট-বড় তোড়া ৩০০ থেকে এক হাজার ৫০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে।

আরেক ফুল বিক্রেতা সোনা মিয়া বলেন, “এবার গতবারের চেয়ে ফুলের বিক্রি বেড়েছে প্রায় দেড়গুণ বেশি।”

স্থানীয় কলেজ শিক্ষার্থী রুম্পা বলেন, ‘পহেলা ফাল্গুন আমাদের সংস্কৃতির উৎসব। বন্ধুদের সঙ্গে বসন্ত বরণ করব, তাই পোশাকের সঙ্গে মিলিয়ে ফুল কিনছি।”

নির্বাচনি বিজয় উদযাপনেও ফুলের বাড়তি কদর দেখা গেছে। স্থানীয় ব্যবসায়ী রাতুল বলেন, ‘আমরা এলাকার নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে যাচ্ছি। তাই বড় তোড়া নিয়েছি। নির্বাচনের আনন্দে শহরে আলাদা আমেজ তৈরি হয়েছে।”

বসন্তের হলুদ আভা, ভালোবাসার লাল গোলাপ ও নির্বাচনি বিজয়ের আনন্দ, সব মিলিয়ে কুষ্টিয়ায় এক অনন্য উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

ঢাকা/কাঞ্চন/ফিরোজ 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়