ঢাকা     শনিবার   ২৩ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৯ ১৪৩৩ || ৬ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

শিক্ষাপ্রতিষ্ঠানে ঈদের ছুটি শুরু, রাজধানী ছাড়ছে মানুষ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৮, ২২ মে ২০২৬   আপডেট: ১৪:০০, ২২ মে ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে ঈদের ছুটি শুরু, রাজধানী ছাড়ছে মানুষ

ঈদের ছুটিতে বাড়ি যেতে কমলাপুর রেলস্টেশনে যাত্রীর ভিড় বাড়ছে

ঈদুল আজহা উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছুটি শুরু হওয়ায় শুক্রবার (২২ মে) সকাল থেকেই রাজধানী ছাড়তে শুরু করেছেন ঘরমুখো মানুষ। কমলাপুর রেলস্টেশনে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বন্ধু ও পরিবারের সঙ্গে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হতে দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, আন্তঃনগর ট্রেনের প্ল্যাটফর্মে যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। কারো কাঁধে ব্যাগ, কারো হাতে নতুন জামাকাপড়-জুতার প্যাকেট। অনেকে ছবি ও ভিডিও ধারণ করে ক্যামেরয় বাড়ি ফেরার মুহূর্ত বন্দি করছিলেন।

আরো পড়ুন:

চট্টগ্রামগামী ট্রেনের জন্য অপেক্ষারত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খায়রুল ইসলাম বলেন, “অনেকদিন পর পুরো পরিবার একসঙ্গে হবে। ঈদের সময় গ্রামের বাড়ির পরিবেশটাই আলাদা। মা কয়েকদিন ধরেই ফোন দিয়ে তাড়াতাড়ি ফিরতে বলছিলেন। এখন ট্রেনে উঠতে পারলেই শান্তি।”

দিনজপুরগামী ট্রেনের অপেক্ষায় থাকা নর্দান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানজিলা হক বলেন, “সেমিস্টারের চাপের কারণে পরিবারের সবার সঙ্গে ঠিকমতো সময় কাটানো হয় না। ঈদের ছুটি আমাদের জন্য অন্যরকম অনুভূতির। বাড়ি ফেরার আনন্দটা ভাষায় প্রকাশ করা যায় না।”

“টিকিট অনেক কষ্টে পেয়েছি। তারপরও পরিবারের সঙ্গে ঈদ করতে পারব, এটাই বড় আনন্দ। বাচ্চারাদের স্কুল ছুটি তারাও অনেক খুশি।” বলছিলেন ময়মনসিংহগামী যাত্রী রফিকুল ইসলাম। 

স্টেশনের বিভিন্ন প্ল্যাটফর্মে দায়িত্বরত রেলওয়ে কর্মীদের এ সময় ব্যস্ত সময় পার করতে দেখা গেছে। যাত্রীদের নিরাপদে ট্রেনে ওঠা-নামা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ, রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। রেলের তথ্য অনুযায়ী, ঈদ উপলক্ষে এবার ১০টি বিশেষ যাত্রীবাহী ট্রেন চালানো হবে। এই ট্রেনগুলোর মধ্যে; ঢাকা-দেওয়ানগঞ্জ রুটে চলবে ‘তিস্তা স্পেশাল’ এবং চট্টগ্রাম-চাঁদপুর রুটে চলবে ‘চাঁদপুর স্পেশাল’। এ দুটি ট্রেন ২৫ মে থেকে ঈদের আগের দিন পর্যন্ত এবং ঈদের দ্বিতীয় দিন থেকে পরবর্তী তিন দিন চলাচল করবে।

এ ছাড়া, ঈদের আগে ২৪ থেকে ২৬ মে পর্যন্ত তিনদিন এবং ঈদের পর আরও তিনদিন জয়দেবপুর-পার্বতীপুর রুটে ‘পার্বতীপুর স্পেশাল’ চলবে। অন্য চারটি বিশেষ ট্রেন শুধু ঈদের দিন চলবে। এসব ট্রেন ভৈরব ও ময়মনসিংহ থেকে শোলাকিয়ার ঈদগাহর উদ্দেশে যাত্রী পরিবহন করবে।

কমলাপুর স্টেশন ম্যানেজার কবীর উদ্দিন বলেন, “ঈদ যাত্রার টিকেট অনুযায়ী মূল যাত্রা শুরু হবে শনিবার (২৩ মে) থেকে। শিক্ষা প্রতিষ্ঠান ছুটি হওয়ায় অনেকে আজই গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হয়েছেন। বিশেষ করে তরুণ-তরুণী ও শিক্ষার্থীদের উপস্থিতি বেশি।”

তিনি আরো বলেন, “ঈদযাত্রা ঘিরে পুরো স্টেশন এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিনা টিকিটে ভ্রমণ ও ট্রেনের ছাদে যাত্রী ওঠা ঠেকাতে কঠোর অবস্থানে থাকবে স্টেশন প্রশাসন।”

ঢাকা/এমএসবি/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়