ঢাকা     শনিবার   ২৩ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৯ ১৪৩৩ || ৬ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

খুলে গেল হাটিকুমরুল ইন্টারচেঞ্জের বগুড়া-রংপুর লেন, কমবে যানজট

সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪০, ২৩ মে ২০২৬   আপডেট: ১১:০৯, ২৩ মে ২০২৬
খুলে গেল হাটিকুমরুল ইন্টারচেঞ্জের বগুড়া-রংপুর লেন, কমবে যানজট

হাটিকুমরুল ইন্টারচেঞ্জের বগুড়া-রংপুরগামী ফ্লাইওভার লেন চালু হওয়ায় ঈদযাত্রায় ভোগান্তি কমবে এমনটি আশা করছেন সংশ্লিষ্টরা।

ঈদুল আজহাকে সামনে রেখে উত্তরবঙ্গের ঘরমুখো মানুষের জন্য এলো স্বস্তির খবর। দীর্ঘদিনের যানজট ও দুর্ভোগ কমাতে চালু করা হয়েছে নির্মাণাধীন হাটিকুমরুল ইন্টারচেঞ্জের বগুড়া-রংপুরগামী ফ্লাইওভার লেন। সংশ্লিষ্টরা বলছেন, নতুন এই লেন চালু হওয়ায় এবারের ঈদযাত্রা হবে অনেকটাই নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক।

খোঁজ নিয়ে জানা যায়, উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর দিয়ে প্রতিদিন হাজারো যানবাহন চলাচল করে। এখান থেকেই ঢাকা-পাবনা, রাজশাহী, বগুড়া ও রংপুরমুখী যানবাহন পৃথক হয়ে যায়। স্বাভাবিক সময়ে প্রতিদিন প্রায় ২০ থেকে ২২ হাজার যানবাহন চলাচল করলেও ঈদ মৌসুমে তা বেড়ে দাঁড়ায় প্রায় ৫০ হাজারে। ফলে প্রতিবছরই এই মোড়ে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। উত্তরাঞ্চলের ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে গত ২১ মে সকালে হাটিকুমরুল ইন্টারচেঞ্জ লেনটি খুলে দেওয়া হয়েছে। 

আরো পড়ুন:

শনিবার (২৩ মে) সকালে ঢাকা থেকে রংপুরগামী বাসচালক শফিকুল ইসলাম বলেন, “ঈদের আগেই লেনটি খুলে দেয়ায় উত্তরাঞ্চলের মানুষের যাত্রা এবার অনেকটাই স্বস্তির হবে। অতিরিক্ত যানবাহনের চাপ থাকলেও আগের মতো যানজটে আটকে থাকতে হবে না।”

বগুড়াগামী যাত্রী কামাল হোসেন, “হাটিকুমরুল মোড় ছিল দুর্ভোগের আরেক নাম। নতুন লেন চালু হওয়ায় এবার ঈদযাত্রা অনেক সহজ ও নির্বিঘ্ন হবে বলে আশা করছি।”

গাবতলী হাটে গরু নামিয়ে পলাশবাড়ির পথে থাকা ট্রাকচালক হামিদুল বলেন, “ঈদের সময় পশুবাহী গাড়ির চাপ কয়েকগুণ বেড়ে যায়। নতুন এই লেন চালু হওয়ায় মালবাহী যানবাহন দ্রুত চলাচল করতে পারবে এবং সময়ও কম লাগবে।”

গাজীপুর থেকে মাইক্রোবাস নিয়ে বগুড়ায় যাওয়ার পথে চালক শিপন রানা বলেন, “আগে হাটিকুমরুল এলাকায় দীর্ঘক্ষণ আটকে থাকতে হতো। এখন আলাদা লেন চালু হওয়ায় যান চলাচল অনেক সহজ হবে।”

ঢাকার মিরপুর থেকে মোটরসাইকেলে রংপুরগামী শাকিল শেখ জানান, ঈদের সময় সবচেয়ে বেশি ভোগান্তি হতো এই এলাকাতেই। এবার দ্রুত ও নিরাপদে বাড়ি পৌঁছানো যাবে বলে তিনি মনে করছেন।

কুমিল্লা থেকে নওগাঁগামী বাসচালক দুলাল শেখ বলেন, “দেশের বিভিন্ন অঞ্চল থেকে উত্তরবঙ্গমুখী যানবাহনের চাপ এই মোড়েই সবচেয়ে বেশি পড়ে। নতুন লেন চালু হওয়ায় চালক ও যাত্রী দুপক্ষেরই দুর্ভোগ কমবে।”

সাসেক-২ প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক সরফরাজ হোসাইন জানান, উত্তরবঙ্গগামী প্রায় ৬০ শতাংশ যানবাহন এই লেন ব্যবহার করবে। এতে এবারের ঈদযাত্রা আরো স্বস্তিদায়ক হবে বলে আশা করা হচ্ছে। প্রায় ৭৩৮ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন আন্তর্জাতিক মানের হাটিকুমরুল ইন্টারচেঞ্জ প্রকল্পের কাজ আগামী ডিসেম্বরে শেষ হওয়ার কথা রয়েছে বলেও তিনি জানিয়েছেন।

হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন বলেন, “ঈদুল আজহাকে ঘিরে উত্তর ও দক্ষিণাঞ্চলে যানবাহনের দ্বিমুখী চাপ তৈরি হবে। বিশেষ করে পশুবাহী ট্রাক ও যাত্রীবাহী পরিবহন একসঙ্গে চলাচল করায় চাপ বাড়বে। নতুন এই লেন সেই চাপ কমাতে কার্যকর ভূমিকা রাখবে।”

সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু বলেন, “ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে জেলার মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ঈদকে কেন্দ্র করে ঘরমুখো মানুষ ও গরুর ব্যবসায়ীরা যাতে কোনো ধরনের ভোগান্তি বা নিরাপত্তাহীনতায় না পড়েন, সেজন্য জেলা পুলিশ দিনরাত নিরলসভাবে কাজ করছে।”

তিনি জানান, গত ঈদে জেলায় ৫৮৫ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করেছিলেন। এবারের ঈদে যানবাহনের বাড়তি চাপ ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ৬ শতাধিক পুলিশ সদস্য মাঠে থেকে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।

ঢাকা/অদিত্য/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়