নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, আইনমন্ত্রীর পদত্যাগ দাবি
ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলা হয়েছে। হামলায় অন্তত ৬ জন আহত হয়েছেন।
শুক্রবার (২২ মে) দুপুর ২টার দিকে ঝিনাইদহ শহরের পুরাতন কালেক্টরেট মসজিদের সামনে এ হামলা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুক্রবার জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হচ্ছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। এ সময় তার সঙ্গে কথা বলতে যান ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ। কথা বলার একপর্যায়ে সাহেদ আহম্মেদের পেছন দিক কিছু যুবক নাসীরুদ্দীন পাটওয়ারীকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন। এ সময় উভয় পক্ষের মধ্যে হাতাহাতি হয়। এতে এনসিপির কয়েকজন স্থানীয় কর্মী আহত হন। এ ঘটনার পর এনসিপির নেতাকর্মীরা বিক্ষোভ করেন।
এ বিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ গণমাধ্যমকে বলেছেন, “নাসীরুদ্দীন পাটওয়ারী বিভিন্ন জেলায় সফরে গিয়ে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দকে নিয়ে নানা কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছেন। তিনি ঝিনাইদহ সফরে এলে আমি তার সঙ্গে সাক্ষাৎ করে কুরুচিপূর্ণ বক্তব্য না দেওয়ার বিষয়ে আলাপ করতে যাই। এ সময় স্থানীয় বিক্ষুব্ধ জনতা ডিম নিক্ষেপ করে। মারামারি বা ডিম নিক্ষেপের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই।”
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল দাবি করেছেন, এ ঘটনায় ছাত্রদলের কেউ জড়িত নন।
নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করে বলেছেন, “আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান ও ঝিনাইদহ বিএনপির সভাপতি আব্দুল মজিদের লোকজন হামলা চালিয়েছে। তারা ডিম নিক্ষেপ করেছে। আমাদের কয়েকজন আহত হয়েছেন। আমরা এই ন্যক্কারজনক হামলার বিচার চাই। আইনমন্ত্রীর পদত্যাগ দাবি করছি। আইনমন্ত্রীর এলাকাতেই যদি আইনশৃঙ্খলার এরকম অবস্থা হয়, তাহলে তার মন্ত্রী থাকার দরকার নেই।”
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদউজ্জামান বলেছেন, “পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে। নাসীরুদ্দীন পাটওয়ারী থানায় এসেছেন। এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি।”
ঢাকা/সোহাগ/রফিক
চ্যালেঞ্জিং হলেও এবারের ঈদযাত্রা স্বস্তির হবে: সড়কমন্ত্রী