ঢাকা     শুক্রবার   ২২ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৮ ১৪৩৩ || ৫ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

হত্যাকারীদের প্রকাশ্যে ফাঁসি চান রামিসার চাচা

শেরপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৭, ২১ মে ২০২৬  
হত্যাকারীদের প্রকাশ্যে ফাঁসি চান রামিসার চাচা

“আমাদের ফুলের মতো মেয়েটা আজ নাই। খুনি সোহেল রানা আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে অপরাধ স্বীকার করেছে। দোষীদের প্রকাশ্য দিবালোকে ফাঁসি কার্যকর হোক। এটাই আমার চাওয়া সরকারের কাছে। সরকারের কাছে বিশেষ নিবেদন, এই ধরনের জঘন্য নিকৃষ্ট কাজ আর বাংলাদেশে যেন না ঘটে।” 

শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদ ও দ্রুত বিচারের দাবিতে বৃহস্পতিবার (২১ মে) দুপুরে শেরপুর শহরের খরমপুর মোড়ে আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন রামিসার চাচা শফিউদ্দিন মোল্লা। স্বেচ্ছাসেবী সংগঠন ‘আজকের তারুণ্য’ এ মানববন্ধনের আয়োজন করেন। 

সংগঠনের সভাপতি রবিউল ইসলাম রতনের সঞ্চালনায় মানববন্ধনে আরো বক্তব্য রাখেন— শেরপুর প্রেস ক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, সাবেক কাউন্সিলর মাসুদ রানা, শ্রমিকদল নেতা শওকত হোসেন প্রমুখ।

অন্য বক্তারা বলেন, “রামিসার খুনি সোহেল রানা আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে অপরাধ স্বীকার করেছে। সুতরাং, অপরাধ প্রমাণিত হয়েছে। তাই, সরকারের নির্বাহী ক্ষমতায় ঢাকার জিরো পয়েন্টে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হোক।”

হত্যাকাণ্ডের ৬ ঘণ্টার মধ্যে মূল আসামিকে গ্রেপ্তার করায় পুলিশকে ধন্যবাদ জানান বক্তারা। একইসঙ্গে বাংলাদেশের আনাচে-কানাচে যেসব হত্যাকাণ্ড, ধর্ষণ ও শিশুহত্যা হয়, সেসব অপরাধীকেও দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার ও আইনের আওতায় আনা দাবি জানান তারা।

বক্তারা আরো বলেন, “রামিসার বাবা রাষ্ট্রকে চ্যালেঞ্জ করে বলেছেন, ‘আমি বিচার চাই না। আপনারা বিচার করতে পারবেন না।’ আমরা মনে করি, রাষ্ট্রকে প্রমাণ করতে হবে, এই রাষ্ট্রে অপরাধীদের, ধর্ষকদের বিচার হয় এবং আগামীতে আর একটি রামিসাও যেন নৃশংসতার স্বীকার না হয়। সেজন্য কঠোর আইন প্রয়োগ করতে হবে।”

ঢাকা/তারিকুল/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়