বন্ধ থাকবে ঈদের দিন, ছুটির দিনে মেট্রোরেলের সময়সূচি
মেট্রোরেল। ফাইল ছবি
ঈদুল আজহার দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। ঈদের আগে পরে সরকারি ছুটির দিনের সময় সূচি জানিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী কোম্পানি ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
বৃহস্পতিবার (২১ মে) ডিএমটিসিএলের উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদের ছুটির দিনগুলোতে উত্তরা উত্তর থেকে প্রথম ট্রেন সকাল সাড়ে ৬টায় এবং মতিঝিল থেকে প্রথম ট্রেন সকাল ৭টা ১৫ মিনিটে ছেড়ে যাবে। উত্তরা উত্তর থেকে সর্বশেষ ট্রেন রাত ৯টা ৩০ মিনিটে এবং মতিঝিল থেকে সর্বশেষ ট্রেন রাত ১০টা ১০ মিনিটে ছেড়ে যাবে।
এ সময় ট্রেন চলাচলের মাঝের সময়ের ব্যবধান ১২ থেকে সর্বোচ্চ ১৫ মিনিট থাকবে। প্রতিদিন আনুমানিক ১৪০টি ট্রিপ পরিচালনা করা হবে এবং সাতটি ট্রেন সেট চলাচল করবে। তবে যাত্রীচাপ অনুযায়ী ট্রিপ সংখ্যা বাড়ানো বা কমানো হতে পারে।
স্বাভাবিক সময়ে সকাল ৭টা থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত ট্রেন চলাচল করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সকাল ৬টা ৪০ মিনিট থেকে রাত ৯টা ২০ মিনিট পর্যন্ত একক ভ্রমণের টিকিট কেনা যাবে। একইসঙ্গে এমআরটি বা র্যাপিড পাস টপআপ সুবিধাও চালু থাকবে।
এতে আরো বলা হয়, টিকিট কেনার ক্ষেত্রে শুক্রবার উত্তরা উত্তর স্টেশন থেকে দুপুর ২টা ৪৫ মিনিট এবং মতিঝিল স্টেশন থেকে বিকেল ৩টা ৫ মিনিট থেকে একক যাত্রার টিকিট বিক্রি শুরু হবে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, রাত ৯টা ২০ মিনিটের পর সব মেট্রোরেল স্টেশনের টিকিট বিক্রির অফিস ও টিকিট ভেন্ডিং মেশিন বন্ধ হয়ে যাবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
আগামী ২৮ মে অনুষ্ঠিত হবে পবিত্র ঈদুল আজহা। ২৫ মে থেকে শুরু হচ্ছে ঈদুল আজহার সরকারি ছুটি। শেষ হবে ৩১ মে।
ঢাকা/নঈমুদ্দীন/সাইফ