ঢাকা     শুক্রবার   ২২ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৮ ১৪৩৩ || ৫ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৭০.৭৩ শতাংশ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৭, ২২ মে ২০২৬  
মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৭০.৭৩ শতাংশ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে বৃহস্পতিবার মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হয়।

বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর অনুষ্ঠিত সাতটি মন্ত্রিসভা বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৭০ দশমিক ৭৩ শতাংশ। গত ১৭ ফেব্রুয়ারি থেকে ৩০ এপ্রিল পর্যন্ত গৃহীত সিদ্ধান্তের অগ্রগতি প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।  

বৃহস্পতিবার (২১ মে) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে প্রতিবেদনটি উপস্থাপন করা হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

আরো পড়ুন:

জাপানের সঙ্গে প্রতিরক্ষা প্রযুক্তি চুক্তি অনুসমর্থন 
বৈঠকে জাপান সরকার ও বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত ‘ট্রান্সফার অব ডিফেন্স ইকুইপমেন্ট অ্যান্ড টেকনোলজি’ শীর্ষক চুক্তি অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। প্রস্তাবটি উত্থাপন করে প্রতিরক্ষা মন্ত্রণালয়।  

আইবিসিএতে যোগ দিচ্ছে বাংলাদেশ
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রস্তাবে মন্ত্রিসভা ‘ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট অন দ্য এস্টাবলিশমেন্ট অব দ্য ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স (আইবিসিএ)’ স্বাক্ষরের অনুমোদন দেয়।  

২০২৩ সালের এপ্রিলে প্রতিষ্ঠিত আইবিসিএ টাইগার, লায়ন, লেপার্ড, স্নো লেপার্ড, পিউমা, জাগুয়ার ও চিতা সংরক্ষণে কাজ করে। বর্তমানে ২৪টি জাতিসংঘ সদস্য দেশ এ জোটের সদস্য।  

বাংলাদেশ রয়েল বেঙ্গল টাইগারের হোম কান্ট্রি হওয়ায় সুন্দরবনের ইকো-সিস্টেম ব্যবস্থাপনা ও সংরক্ষণের স্বার্থে এ জোটে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।  

নিরাপদ অভিবাসনে জিসিএম-ন্যাপ অনুমোদন
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রস্তাবে মন্ত্রিসভা ‘গ্লোবাল কমপ্যাক্ট ফর সেইফ, অর্ডারলি অ্যান্ড রেগুলার মাইগ্রেশন (জিসিএম)’ বাস্তবায়নে খসড়া ন্যাশনাল অ্যাকশন প্ল্যান (জিসিএম-ন্যাপ) ২০২৬-২০৩০ অনুমোদন দেয়।  

২০১৮ সালে জাতিসংঘে গৃহীত জিসিএমের পক্ষভুক্ত ১৬৪টি দেশের একটি বাংলাদেশ। অভিবাসন বিষয়ে বৈশ্বিক সহযোগিতায় নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ আইওএম ২০২০ সালে বাংলাদেশকে ‘জিসিএম চ্যাম্পিয়ন কান্ট্রি’ হিসেবে তালিকাভুক্ত করে।  

আইওএমের সহযোগিতায় বিভিন্ন অংশীজনের মতামতের ভিত্তিতে ২০২৬-৩০ মেয়াদের খসড়া ন্যাপ প্রণয়ন করা হয়, যা মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে।

ঢাকা/এএএম/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়