‘দৃশ্যম থ্রি’ সিনেমার জন্য কে কত টাকা নিলেন?
মালায়ালাম ভাষার বহুল আলোচিত সিনেমা সিরিজ ‘দৃশ্যম’। জিতু জোসেফ পরিচালিত এ সিরিজের প্রথম পার্ট মুক্তি পায় ২০১৩ সালে। দ্বিতীয় পার্ট মুক্তি পায় ২০২১ সালে। এ দুই পার্টের কেন্দ্রবিন্দুতে রয়েছে ‘জর্জ’ চরিত্র। ক্যাবল ব্যবসায়ী ‘জর্জ’ চরিত্র রূপায়ন করেন দক্ষিণী সিনেমার দাপুটে অভিনেতা মোহনলাল।
কয়েক বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ফের এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি ‘দৃশ্যম ৩’ নিয়ে পর্দায় হাজির হয়েছেন মোহনলাল। বৃহস্পতিবার (২১ মে) প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি। প্রায় ১০০ কোটি রুপি বাজেটে নির্মিত হয়েছে এটি; যা সাম্প্রতিক সময়ের সবচেয়ে ব্যয়বহুল মালয়ালাম চলচ্চিত্রগুলোর একটি। ফলে ‘দৃশ্যম থ্রি’ সিনেমার অভিনয়শিল্পীদের পারিশ্রমিক নিয়েও অন্তর্জালে ঢের আলোচনা চলছে। চলুন জেনে নিই, সিনেমাটির প্রধান চরিত্র রূপায়নকারী অভিনয়শিল্পীরা কে কত টাকা পারিশ্রমিক নিলেন—
মোহনলাল
এ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তিতে জনপ্রিয় ‘জর্জকুট্টি’ চরিত্রে অভিনয় করেছেন মোহনলাল। ‘দৃশ্যম থ্রি’ সিনেমার জন্য ২০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২৫ কোটি ৫০ লাখ টাকা) পারিশ্রমিক নিয়েছেন বরেণ্য এই অভিনেতা; যা সিনেমাটির সর্বোচ্চ পারিশ্রমিক। ‘দৃশ্যম’ সিনেমার জন্য মোহনলাল নিয়েছিলেন ৫–৬ কোটি রুপি, ‘দৃশ্যম টু’ সিনেমার জন্য ১০–১২ কোটি রুপি নিয়েছিলেন তিনি। তৃতীয় কিস্তিতে তার পারিশ্রমিক প্রায় দ্বিগুণ হয়েছে।
আশা শরৎ
‘দৃশ্যম থ্রি’ সিনেমায় গীতা প্রভাকর চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী আশা শরৎ। বরুণের মায়ের ভূমিকায় দেখা যাবে তাকে। থ্রিলার ঘরানার এ ফ্র্যাঞ্চাইজির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র এটি। ‘দৃশ্যম থ্রি’ সিনেমার জন্য ১ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ২৮ লাখ টাকা) পারিশ্রমিক নিয়েছেন তিনি।
আনসিবা হাসান
‘দৃশ্যম’ সিনেমার গল্পে জর্জকুট্টির বড় মেয়ের নাম—অঞ্জু জর্জ। গত ৩টি কিস্তিতে চরিত্রটিতে অভিনয় করেছেন আনসিবা হাসান। তৃতীয় কিস্তির জন্য ১ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ২৮ লাখ টাকা) পারিশ্রমিক নিয়েছেন তিনি। গল্পে তার চরিত্রটি খুবই আবেগঘন ও গুরুত্বপূর্ণ অংশ।
মীনা
বহুল আলোচিত এ সিনেমার গল্পে জর্জকুট্টির স্ত্রীর নাম—রানী জর্জ। বরাবরের মতো তৃতীয় কিস্তিতেও এ চরিত্রে দেখা যাবে অভিনেত্রী মীনাকে। ‘দৃশ্যম থ্রি’ সিনেমায় অভিনয়ের জন্য ৭৫ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ৯৫ লাখ ৬৫ হাজার টাকা) পারিশ্রমিক নিয়েছেন তিনি।
সিদ্দিক
‘দৃশ্যম’ সিনেমার গুরুত্বপূর্ণ একটি চরিত্র প্রভাকর। মানে বরুণের বাবার চরিত্র এটি। এই চরিত্র রূপায়ন করেছেন বরেণ্য অভিনেতা সিদ্দিক। থ্রিলার ঘরানার এ সিনেমায় পারফর্ম করার জন্য সিদ্দিক নিয়েছেন ৬০ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ৭৬ লাখ ৫৮ হাজার টাকা)।
এস্থার অনিল
‘দৃশ্যম’ সিনেমার গল্পে জর্জকুট্টি ও রানী জর্জ দম্পতির ছোট মেয়ে আনুমোল, যে অনু জর্জ নামে অধিক পরিচিত। এ চরিত্রে অভিনয় করেছেন এস্থার অনিল। পূর্বের কিস্তিগুলোতে তার অভিনয় দর্শকদের মাঝে মুগ্ধতা ছড়িয়েছে। তবে প্রধান অভিনয়শিল্পীদের মধ্যে এস্থার অনিল সবচেয়ে কম পারিশ্রমিক পেয়েছেন। তিনি নিয়েছেন—২৫ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ২৬ লাখ ৭৮ হাজার টাকা)।
ঢাকা/শান্ত