ঢাকা     শুক্রবার   ২২ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৮ ১৪৩৩ || ৫ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

চট্টগ্রামে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে উত্তেজনা, পুলিশের গুলিতে আহত ৪

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪০, ২১ মে ২০২৬   আপডেট: ২২:৪৯, ২১ মে ২০২৬
চট্টগ্রামে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে উত্তেজনা, পুলিশের গুলিতে আহত ৪

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় চার বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে জনতার হাতে তুলে দেওয়ার দাবিতে বিক্ষুব্ধ লোকজন পুলিশের গাড়ি ঘেরাও করে বিক্ষোভ করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। এতে দুই সাংবাদিকসহ অন্তত চারজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যা ৭টার দিকে বাকলিয়া থানাধীন চেয়ারম্যান ঘাটার আবু জাফর রোড এলাকায় এ ঘটনা ঘটে। 

আরো পড়ুন:

আহত সাংবাদিকরা হলেন— মামুন আবদুল্লাহ ও নোবেল হাসান। ঘটনাস্থলে থাকা সাংবাদিকদের ভাষ্য, ফেসবুক লাইভ ও সংবাদ সংগ্রহের সময় পুলিশের ছোড়া গুলি মামুনের কোমরে এবং নোবেলের হাতে ও পায়ে আঘাত লাগে। তাদেরকে প্রথমে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা সূত্র জানায়, চেয়ারম্যান ঘাটা এলাকার একটি ডেকোরেশন দোকানের কর্মচারীর বিরুদ্ধে চার বছরের এক শিশুকে দোকানে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে। এ তথ্য ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়। তারা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত যুবককে আটক করে। তবে, তাকে থানায় নেওয়ার সময় উত্তেজিত জনতা পুলিশের গাড়ি ঘিরে ফেলে এবং অভিযুক্তকে তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানায়। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে জনতাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেছেন, “অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে। শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আটক ব্যক্তিকে থানায় নেওয়ার সময় স্থানীয়রা সড়ক অবরোধ করে উত্তেজনা সৃষ্টি করে। পরিস্থিতি শান্ত করতে পুলিশ কাজ করছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।”

ঢাকা/রেজাউল/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়