নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে থাকা অস্ত্রধারী দুজন শিবিরের সন্ত্রাসী: নাছির
ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে ছাত্রশিবিরের দুজন অস্ত্রধারী সন্ত্রাসী ছিল বলে দাবি করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। তিনি অভিযোগ করেছেন, ওই দুজন সাধারণ জনতার দিকে গুলি করার চেষ্টা চালিয়েছে।
শুক্রবার (২২ মে) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ অভিযোগ করেন। স্ট্যাটাসের সঙ্গে তিনি নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গী দাবি করে দুই অস্ত্রধারীর কয়েকটি ছবিও পোস্ট করেন।
স্ট্যাটাসে ছাত্রদলের সাধারণ সম্পাদক লিখেছেন, “গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বিতর্কিত, সমালোচিত, মব ও সংঘাত উসকে দেওয়া ব্যক্তি নাসীরুদ্দীন পাটওয়ারী।”
তিনি লিখেছেন, “শুক্রবার ঝিনাইদহে গিয়েছিলেন মব করার জন্য। কিন্তু সেখানে সাধারণ জনতা পাটওয়ারীকে ডিম নিক্ষেপ করেছে। এ সময় তার সঙ্গে থাকা সন্ত্রাসীরা সাধারণ জনতাকে উদ্দেশ্য করে গুলি করার চেষ্টা করে।”
নাছির লিখেন, “অস্ত্রধারী এই দুইজন শিবিরের সন্ত্রাসী। তাদের পরিচয় নিচে দেওয়া হলো— ১. সিয়াম উদ্দিন তুর্য (পাঞ্জাবি পরিহিত): পিতা জামাতের নেতা সল্টু মাস্টার (শিক্ষক, বদরগঞ্জ মাদ্রাসা)। ঠিকানা: মাস্টার পাড়া, কোর্টপাড়া, ঝিনাইদহ। ২.আশিক (টি-শার্ট পরিহিত): পিতা মৃত বাদশা, গ্রাম: কাষ্টসাগরা। তিনি শিবিরের নেতা।”
ছাত্রদলের সাধারণ সম্পাদক আরো লিখেছেন, “অনতিবিলম্বে স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে অস্ত্রধারী এই দুইজন সন্ত্রাসীকে গ্রেফতারের জোর অনুরোধ রইলো।”
ঢাকা/নজরুল/রফিক
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে জুনে জিম্বাবুয়ে সফরে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল