ঢাকা     শনিবার   ২৩ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৯ ১৪৩৩ || ৬ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

গানে গানে শ্রীমঙ্গলের রূপ-ঐতিহ্যের গল্প

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৪, ২২ মে ২০২৬   আপডেট: ১১:৩৪, ২২ মে ২০২৬
গানে গানে শ্রীমঙ্গলের রূপ-ঐতিহ্যের গল্প

মিউজিক্যাল ভিজ্যুয়াল ‘রূপসী শ্রীমঙ্গল’-এর প্রকাশনা অনুষ্ঠানের দৃশ্য

চা-বাগান, পাহাড়, হাওর, সবুজ প্রকৃতি আর নৈসর্গিক সৌন্দর্যের শহর শ্রীমঙ্গলকে ঘিরে নির্মিত হয়েছে বিশেষ মিউজিক্যাল ভিজ্যুয়াল ‘রূপসী শ্রীমঙ্গল’। দেশের অন্যতম অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে প্রকাশিত এই আয়োজনটি গানে গানে তুলে ধরেছে শ্রীমঙ্গলের প্রকৃতি, ইতিহাস-ঐতিহ্য ও পর্যটনের সৌন্দর্য। 

গানটিতে কণ্ঠ দিয়েছেন বাংলা গানের ‘যুবরাজ’ আসিফ আকবর এবং লন্ডনপ্রবাসী কণ্ঠশিল্পী রুবাইয়াত জাহান। লন্ডনপ্রবাসী গীতিকবি কায়েস আজিজের কাব্যিক কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংগীত পরিচালক রাজা কাশেফ। 

আরো পড়ুন:

শ্রীমঙ্গলের মনোমুগ্ধকর বিভিন্ন লোকেশনে গানটির দৃশ্যধারণ করেছেন নির্মাতা সৈকত রেজা। মিউজিক্যাল ভিজ্যুয়ালটিতে অভিনয় করেছেন ফারহান খান রিও ও সিফাত নুসরাত। পাশাপাশি বিশেষ উপস্থিতিতে দেখা গেছে আসিফ আকবর ও রুবাইয়াত জাহানকে। 

গতকাল রাজধানীতে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে ‘রূপসী শ্রীমঙ্গল’-এর আনুষ্ঠানিক প্রকাশনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মিউজিক্যাল ভিজ্যুয়ালটির মোড়ক উন্মোচন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবুর রহমান চৌধুরী ও এম নাসের রহমান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগীতাঙ্গনের শিল্পী, গীতিকার, সুরকার, সংগীত পরিচালক, প্রযোজকসহ সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য ও সংস্কৃতিকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে শ্রীমঙ্গলের পর্যটন সম্ভাবনাকে নতুনভাবে দর্শকদের সামনে উপস্থাপন করেছে ‘রূপসী শ্রীমঙ্গল’।” 

‘রূপসী শ্রীমঙ্গল’ বর্তমানে ধ্রুব মিউজিক স্টেশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলসহ দেশি-বিদেশি বিভিন্ন ডিজিটাল মিউজিক প্ল্যাটফর্মে উপভোগ করা যাচ্ছে।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়