ঢাকা     শনিবার   ২৩ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৯ ১৪৩৩ || ৬ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

নড়াইলে লটারির মাধ্যমে ধান সংগ্রহে ৮১২ কৃষক নির্বাচিত

নড়াইল প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৮, ২২ মে ২০২৬  
নড়াইলে লটারির মাধ্যমে ধান সংগ্রহে ৮১২ কৃষক নির্বাচিত

নড়াইলের সদর উপজেলায় বোরো ধান সংগ্রহে স্বচ্ছতা নিশ্চিতে উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে উন্মুক্ত লটারি হয়েছে। এর মাধ্যমে ৮১২ জন কৃষককে বেছে নেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে লটারির আয়োজন করা হয়। 

এ সময় নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা টিএম রাহসিন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খোন্দকার তাজউদ্দিন আহমেদ, সদর উপজেলা গোডাউনের কর্মকর্তা আহসান কবীর, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ রোকনুজ্জামান, নড়াইল-২ আসনের সংসদ সদস্যর প্রতিনিধি আব্দুল্লাহ আল আমীনসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। পরে উপজেলা কৃষি অফিসের তালিকাভুক্ত কৃষকদের নিয়ে এই লটারি সম্পন্ন হয়।

নড়াইল সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খোন্দকার তাজউদ্দিন আহমেদ জানান, চলতি মৌসুমে নড়াইল সদর উপজেলায় বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৪৩০ মেট্রিক টন। সরকারিভাবে ধান বিক্রির জন্য উপজেলার ১৩ ইউনিয়ন এবং একটি পৌরসভা থেকে মোট ১১ হাজার ৭৫২ জন কৃষক আবেদন করেছিলেন। লটারির মাধ্যমে ৮১২ জন কৃষক বাছাই করা হয়েছে। তাদের কাছ থেকে জনপ্রতি সর্বোচ্চ ৩ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। 

প্রতি কেজি ৩৬ টাকা দরে সরকারি খাদ্য গুদামে নির্বাচিত কৃষকরা ধান বিক্রি করতে পারবেন। এছাড়া তালিকাভুক্ত ১৯ জন মিল মালিকের কাছ থেকে ২ হাজার ৫১২ মেট্রিক টন সেদ্ধ চাল কেনা হবে। প্রতি কেজি সেদ্ধ চালের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৯ টাকা। প্রতি কেজি ৪৮ টাকা দরে দুইশ কেজি আতপ চাল কেনা হবে। চাল সংগ্রহ চলবে চলতি বছরের ৩১ আগস্ট পর্যন্ত।

নড়াইল সদর উপজেলা গোডাউনের কর্মকর্তা আহসান কবীর বলেন, ‘‘লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করায় কোনো ধরনের স্বজনপ্রীতি বা মধ্যস্বত্বভোগীদের হস্তক্ষেপের সুযোগ নেই। স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে চলতি মৌসুমের বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান সফলভাবে সম্পন্ন হবে। প্রকৃত কৃষক ন্যায্য মূল্যে তাদের উৎপাদিত ধান ও মিল মালিকরা চাল সরকারি গোডাউনে এসে সরাসরি বিক্রি করতে পারবেন।’’ 

ঢাকা/শরিফুল//

সর্বশেষ

পাঠকপ্রিয়