ঢাকা     শনিবার   ২৩ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৯ ১৪৩৩ || ৬ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কুড়িগ্রামে দাফনের এক ঘণ্টা পর লাশ চুরির চেষ্টা, এলাকায় আতঙ্ক

কুড়িগ্রাম প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৫, ২৩ মে ২০২৬   আপডেট: ১১:০৮, ২৩ মে ২০২৬
কুড়িগ্রামে দাফনের এক ঘণ্টা পর লাশ চুরির চেষ্টা, এলাকায় আতঙ্ক

কুড়িগ্রামের রাজারহাটে দাফনের মাত্র এক ঘণ্টা পর কবর খুঁড়ে লাশ চুরির চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনাটি জানাজানি হলে এলাকায় চরম আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়ে।

শুক্রবার (২২ মে) দিবাগত রাত প্রায় ১টার দিকে রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের রতি মৌজার কানিপাড়া জামে মসজিদ কবরস্থানে এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানিয়েছেন, ওই এলাকার বাসিন্দা আব্দুস সাত্তারের ছেলে হারুন অর রশিদ ঢাকায় অবস্থানকালে মারা যান। স্বজনরা তার মরদেহ বাড়িতে এনে শুক্রবার রাতে কানিপাড়া জামে মসজিদ-সংলগ্ন কবরস্থানে দাফন করেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের অভিযোগ, দাফন শেষে জানাজায় অংশ নেওয়া লোকজন চলে যাওয়ার প্রায় এক ঘণ্টা পর গভীর রাতে কয়েকজন দুর্বৃত্ত কবরস্থানে প্রবেশ করে। তারা কবর খুঁড়ে মরদেহ নিয়ে যাওয়ার চেষ্টা চালায়। এ সময় আশপাশের কয়েকজন বাসিন্দার সন্দেহ হলে তারা কবরস্থানের দিকে এগিয়ে যান। স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে এলাকাবাসী কবরের কাছে গিয়ে খোঁড়াখুঁড়ির স্পষ্ট চিহ্ন দেখতে পান। ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বার) লাভলু মিয়া বলেছেন, “এ ধরনের একটি ঘটনার কথা শুনেছি। তবে, বিস্তারিত এখনও জানি না।”

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুনুর রশীদ বলেছেন, “ঘটনাটি দুঃখজনক। এটি খতিয়ে দেখা হচ্ছে।”

ঢাকা/বাদশাহ্/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়