ইসরায়েলি হেফাজতে ধর্ষণের অভিযোগ গাজায় ত্রাণ নিয়ে যাওয়া নৌবহরের কর্মীদের
অবরুদ্ধ গাজায় ত্রাণ পৌঁছে দেওয়ার চেষ্টাকারী সুমুদ ফ্লোটিলা আটক হওয়ার পর ইসরায়েলি হেফাজত থেকে মুক্তি পাওয়া আন্দোলনকর্মীরা নির্যাতনের শিকার হয়েছেন বলে আয়োজকরা অভিযোগ করেছেন। এতে বেশ কয়েকজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং অন্তত ১৫ জন ধর্ষণসহ যৌন নিপীড়নের শিকার হওয়ার কথা জানিয়েছেন।
ইসরায়েলের কারা কর্তৃপক্ষ এই অভিযোগ অস্বীকার করেছে এবং রয়টার্স স্বাধীনভাবে এর সত্যতা যাচাই করতে পারেনি।
জার্মানি জানিয়েছে, তাদের কয়েকজন নাগরিক আহত হয়েছেন এবং কিছু অভিযোগ ‘গুরুতর।’ তবে এ বিষয়ে তারা বিস্তারিত কিছু জানায়নি। ইতালির একটি আইনি সূত্র জানিয়েছে, সেখানকার প্রসিকিউটররা অপহরণ ও যৌন নিপীড়নসহ সম্ভাব্য অপরাধের তদন্ত করছেন।
ইসরায়েলের কারা কর্তৃপক্ষের একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, “উত্থাপিত অভিযোগগুলো মিথ্যা এবং এর কোনো বাস্তব ভিত্তি নেই।”
গাজা উপত্যকায় ত্রাণসামগ্রী নিয়ে যাওয়ার চেষ্টাকারী স্বেচ্ছাসেবকদের নৌবহরকে থামাতে মঙ্গলবার আন্তর্জাতিক জলসীমায় ৫০টি জাহাজে থাকা ৪৩০ জনকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি বাহিনী।
বন্দিদের প্রতি আচরণের বিষয়ে ইসরায়েলি নিরাপত্তামন্ত্রীর একটি ভিডিও ফুটেজ আন্তর্জাতিক ক্ষোভের জন্ম দেওয়ার পর, এই নির্যাতনের অভিযোগগুলো বন্দিদের সাথে করা আচরণের ব্যাখ্যা দেওয়ার জন্য ইসরায়েলি কর্তৃপক্ষের উপর চাপ বাড়াবে।
ইতালি জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়নের সদস্যরা ইসরায়েলি মন্ত্রী ইতামার বেন-গভিরের উপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে আলোচনা করছে।
গ্লোবাল সুমুদ ফ্লোটিলার আয়োজকরা টেলিগ্রাম সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন, “ধর্ষণসহ অন্তত ১৫টি যৌন নিপীড়নের ঘটনা ঘটেছে। খুব কাছ থেকে রাবার বুলেট দিয়ে গুলি করা হয়েছে। কয়েক ডজন মানুষের হাড় ভেঙে গেছে। যদিও সারা বিশ্বের চোখ আমাদের অংশগ্রহণকারীদের দুর্ভোগের দিকে নিবদ্ধ, আমরা এটা যথেষ্ট জোর দিয়ে বলতে চাই যে, ফিলিস্তিনি জিম্মিদের উপর ইসরায়েল প্রতিদিন যে নৃশংসতা চালায়, এটি তার একটি সামান্য ঝলক মাত্র।”
নৌবহরটি থেকে আটক হওয়া ব্যক্তিদের মধ্যে থাকা ইতালীয় অর্থনীতিবিদ লুকা পোগি রোমে পৌঁছে রয়টার্সকে বলেন, “আমাদের বিবস্ত্র করে মাটিতে ফেলে দেওয়া হয়েছিল, লাথি মারা হয়েছিল। আমাদের মধ্যে অনেককে টেজার দিয়ে আঘাত করা হয়েছিল, কেউ কেউ যৌন নির্যাতনের শিকার হয়েছিলেন এবং কয়েকজনকে আইনজীবীর সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি।”
ঢাকা/শাহেদ
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে জুনে জিম্বাবুয়ে সফরে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল