ঢাকা     শনিবার   ২৩ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৯ ১৪৩৩ || ৭ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

প্রকৌশলীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান ফখরুলের

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৭, ২৩ মে ২০২৬  
প্রকৌশলীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান ফখরুলের

মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি বলেন, “নতুন বাংলাদেশ গঠনে দক্ষ, সৎ ও দায়িত্বশীল প্রকৌশলীদের অবদান অপরিহার্য।”

আরো পড়ুন:

শনিবার (২৩ মে) রাজধানীর ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) এর ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ‘ইঞ্জিনিয়ার্স ডে’ উপলক্ষে আয়োজিত সংবর্ধনা ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “আইইবি শুধু প্রকৌশলীদের একটি অ্যাসোসিয়েশন নয়, বরং বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।” 

অতীতের মতো ভবিষ্যতেও প্রতিষ্ঠানটি দেশের কল্যাণে ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে সম্মাননা পাওয়া ব্যক্তিদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, “জনপ্রতিনিধিদের জনগণের আস্থা ও ভালোবাসা অর্জন করে দায়িত্ব পালন করতে হবে।”

একইসঙ্গে তিনি গুম হওয়া ব্যক্তিদের পরিবারের পাশে দাঁড়ানো এবং বিষয়টি আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরায় ‘তুলি’র সাহসী ভূমিকার প্রশংসা করেন।

তিনি বলেন, “স্বাধীনতার পর থেকে দেশের মানুষ গণতন্ত্র, ন্যায়বিচার ও অধিকারের জন্য ধারাবাহিক সংগ্রাম করে আসছে। বিশেষ করে ‘২৪ জুলাইয়ের পর’ সাধারণ মানুষের মধ্যে নতুন চেতনার সৃষ্টি হয়েছে এবং তারা দুর্নীতি ও অনিয়মমুক্ত নতুন বাংলাদেশ দেখতে চায়।”

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কার্যক্রমের প্রসঙ্গ তুলে তিনি বলেন, “ওয়াসা, গণপূর্ত ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের পরিকল্পনা ও বাস্তবায়নে প্রকৌশলীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।”

জনগণের প্রত্যাশা অনুযায়ী জনকল্যাণমূলক কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিগত সরকারের আমলে বিভিন্ন প্রকল্পে হাজার হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগ উঠে এসেছে, যা সংশ্লিষ্ট বিভাগগুলোকে প্রশ্নবিদ্ধ করেছে।

তিনি প্রকৌশলীদের সতর্ক ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, “আজকের মানুষ সবকিছু বোঝে, বিচার করতে পারে। ভুল করলে মানুষ কাউকেই ক্ষমা করে না।”

ঢাকা/নজরুল/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়