সৎ মায়ের বিরুদ্ধে শিশুকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ
বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বাগেরহাটের ফকিরহাটে তালহা (৭) নামে এক শিশুকে বালতির পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে সৎ মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় শনিবার (২৩ মে) সন্ধ্যায় অভিযুক্ত রুবাইয়া আক্তারকে (২৫) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
এর আগে, সকাল ১০টার দিকে উপজেলার লখপুর গ্রামের এপিসি ফার্মাসিউটিকালসের পেছনে ভাড়া বাড়িতে পানি ভর্তি বালতির মধ্যে মাথা দেওয়া অবস্থায় শিশুটিকে উদ্ধার করেন স্থানীয়রা। হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তালহা লখপুর গ্রামের সৈকত হোসেন পাপ্পু ও মনিরা খানমের ছেলে। তালহা তার বাবা ও সৎ মা রুবাইয়ার সঙ্গে লখপুরে ভাড়া বাড়িতে থাকত। তালহার আপন মা মনিরাও বিয়ে করে অন্যত্র বসবাস করছেন।
মনিরা খানম বলেন, “ফোনে ছেলের অসুস্থতার খবর পেয়ে এখানে আসি। এসে শুনি সে বালতির পানিতে ডুবে মারা গেছে। বালতিতে সামান্য পানি ছিল। আমার ছেলের বয়স প্রায় সাত বছর। ও পানিতে ডুবে মারা যাওয়ার মতো না। আমার মনে হয় ওর সৎ মা ওকে মেরে ফেলেছে।”
বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার বলেন, “প্রাথমিকভাবে এটা স্বাভাবিক মৃত্যু মনে হয়নি। জিজ্ঞাসাবাদের জন্য তার সৎ মাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের মরদে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হবে।”
ঢাকা/আমিনুল/রাজীব
এক মাসের মধ্যে রামিসা হত্যার বিচার হবে: প্রধানমন্ত্রী