ঢাকা     রোববার   ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গৃহবধূ থেকে যেভাবে সংসদে ইলেন ভুট্টো

অলোক সাহা, ঝালকাঠি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৮, ১৫ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ০৮:৫১, ১৫ ফেব্রুয়ারি ২০২৬
গৃহবধূ থেকে যেভাবে সংসদে ইলেন ভুট্টো

ঝালকাঠি-২ আসনে বিএনপির মনোনয়নে নির্বাচিত সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল অঞ্চলে একমাত্র নারী প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছেন বিএনপির ইসরাত সুলতানা ইলেন ভুট্টো। ঝালকাঠি-২ (সদর ও নলছিটি) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীকে হারিয়ে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন তিনি। 

নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নে ইলেন ভুট্টোর শ্বশুর বাড়ি। তার প্রয়াত স্বামী জুলফিকার আলী ভুট্টো জাতীয় পার্টি থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তার মৃত্যুতে এ আসনে ২০০০ সালে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন ইলেন ভুট্টো। আওয়ামী লীগের প্রভাবশালী নেতা আমির হোসেন আমুর কাছে হেরে যান তিনি। ২০০১ সালে বিএনপিতে যোগ দেন ইলেন ভুট্টো। সেই বছর অনুষ্ঠিত নির্বাচনে আমির হোসেন আমুকে হারিয়ে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন ইলেন ভুট্টো।

আরো পড়ুন:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনপ্রিয়তা বিবেচনায় ইলেন ভুট্টোকে আবারো মনোনয়ন দেয় বিএনপি। দলের আভ্যন্তরীন কোন্দলসহ নানা প্রতিকূলতা কাটিয়ে এবার তিনি প্রতিদ্বন্দ্বি প্রার্থীকে প্রায় ৪৩ হাজার ভোটের ব্যবধানে হারিয়ে নির্বচিত হন। নির্বাচনে ইলেন ভুট্টো পান ১ লাখ ১৩ হাজার ১০০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জামায়াতের শেখ নেয়ামুল করিম পান ৬৯ হাজার ৮০৫ ভোট।

 

বিএনপির স্থানীয় সূত্রে জানায়, ইসরাত সুলতানা ইলেন ভুট্টো বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার এক সভ্রান্ত পরিবারের সন্তান। বরিশাল বিভাগে বিএনপির একমাত্র নারী প্রার্থী হিসেবে তিনি আলোচনায় ছিলেন। সারাদেশে নির্বাচিত সাতজন নারী প্রার্থীর মধ্যে তিনি একজন।

জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর বলেন, ‍“ইসরাত সুলতানা ইলেন ভুট্টো কখনো বিএনপির দলীয় সিদ্ধান্তের বাইরে যাননি। যে কারণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ইলেন ভুট্টোকে পুনরায় মনোনয়ন দেয়। যে কারণে তিনি বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।” 

ঝালকাঠি জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল মন্টু বলেন, “জনমত জরিপ ও এলাকার ভোটারদের মাঝে ব্যাপক জনপ্রিয়তার কারণে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ইলেন ভুট্টোকে ধানের শীষ প্রতীকে মনোনীত করেছেন। তাঁর চলার পথ সহজ ছিল না। জেলা বিএনপির মনোনয়ন বঞ্চিতদের বিরোধীতার কারণে ভোটের আগে দলীয় কর্মীরা বিভ্রান্তির মধ্যে পড়েছিল। তিনি সবাইকে ঐক্যবদ্ধ করে ভোটারদের মন জয় করে বিজয়ী হয়েছেন।” 

ইসরাত সুলতানা ইলেন ভুট্টো বলেন, “ঝালকাঠি সদর ও নলছিটির জনগণ আমাকে বিপুল ভোটে বিজয়ী করেছেন এজন্য তাঁদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিএনপির চেয়ারপার্সন তারেক রহমান আমার প্রতি যে আস্থা রেখেছেন তার প্রতিদান দিতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি। আগামীতে এলাকার উন্নয়নই হবে আমার আসল কাজ।”

ঢাকা/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়