ঢাকা     রোববার   ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শ্রীপুরে প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ

গাজীপুর (পূর্ব) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৫, ১৫ ফেব্রুয়ারি ২০২৬  
শ্রীপুরে প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ

রাকিবুল হাসান ও ফাহমিদা আক্তার

গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নে গোপনে আয়োজন করা এক বাল্যবিবাহের চেষ্টা সময়মতো প্রশাসনের অভিযানে ভেস্তে গেছে।

স্থানীয়দের তথ্যের ভিত্তিতে শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত প্রায় ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছে উপজেলা প্রশাসন বিয়ে বন্ধ করে দেয় এবং সংশ্লিষ্ট পরিবারগুলোকে আইনি সতর্কতা প্রদান করে।

আরো পড়ুন:

জানা যায়, কাওরাইদ ইউনিয়নের নান্দিয়া সাঙ্গুন এলাকার একটি বাড়িতে রাতের আঁধারে বিয়ের আয়োজন চলছিল। কনের বয়স মাত্র ১৩ বছর এবং বর ১৬ বছরের কিশোর। কনে ফাহমিদা আক্তার মোবাশশিরা কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার বাসিন্দা মাওলানা আবদুল আজিজের মেয়ে। অন্যদিকে বর রাকিবুল হাসান রিফাত স্থানীয় বাসিন্দা রুহুল আমিনের ছেলে।

স্থানীয়দের সন্দেহ হলে বিষয়টি দ্রুত উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার নজরে আনা হয়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উপজেলা প্রশাসন ও বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বিয়ের আয়োজন বন্ধ হয়ে যায়।

অভিযানের সময় উভয় পরিবারের অভিভাবকদের কাছ থেকে লিখিত অঙ্গীকার নেওয়া হয়, যাতে ভবিষ্যতে তারা এ ধরনের বেআইনি কর্মকাণ্ডে জড়িত না হন। উপস্থিত ছিলেন উপজেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি এবং আনসার সদস্যরা।

কাওরাইদ ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য নিশি বলেন, স্থানীয় জনগণের সচেতন ভূমিকার কারণেই দ্রুত পদক্ষেপ নেওয়া সম্ভব হয়েছে। তিনি বাল্যবিবাহ প্রতিরোধে সমাজের সব স্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদ এ বিষয়ে বলেন, বাল্যবিবাহ আইনত দণ্ডনীয় অপরাধ এবং এ ধরনের ঘটনা রোধে প্রশাসন সবসময় কঠোর অবস্থানে রয়েছে। তিনি অভিভাবকদের সন্তানদের শিক্ষা ও ভবিষ্যৎ সুরক্ষায় সচেতন হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

ঢাকা/রফিক/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়