বাগেরহাটে আট বছরের শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম
আট বছরের শিশু মীম আক্তারের শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশি
বাগেরহাটে আট বছরের এক শিশুর রহস্যজনক মৃত্যু নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের সিংড়াই গ্রাম থেকে মীম আক্তার নামের ওই শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে শিশুটির মামী ঘরের ভেতরে মীমকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তিনি আশপাশের লোকজনকে ডেকে আনেন এবং বিষয়টি পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
স্থানীয়দের মধ্যে শিশুটির মৃত্যু নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ ধারণা করছেন, মীম তার ছোট ভাইয়ের সঙ্গে খেলছিল এবং খেলাধুলার একপর্যায়ে দুর্ঘটনাবশত তার গলায় ফাঁস লেগে যেতে পারে। তাদের মতে, সে সময় নিজেকে সেখান থেকে উদ্ধার করতে না পারায় এ মর্মান্তিক ঘটনা ঘটে থাকতে পারে।
তবে অপর একটি অংশ এ ঘটনাকে নিছক দুর্ঘটনা হিসেবে মানতে নারাজ। তাদের দাবি, শিশুটিকে যেভাবে ফাঁস লাগা অবস্থায় দেখা গেছে , তা স্বাভাবিক দুর্ঘটনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ কারণে মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে নানা প্রশ্ন ও সন্দেহ দেখা দিয়েছে এলাকাজুড়ে।
মীমের বাবা হাফিজুল আমিন বলেন, “আমি পেশায় রিকশাচালক। দুপুরে খাবার খেয়ে রিকশা নিয়ে বের হই। পরে খবর পেয়ে বাড়িতে এসে মেয়েকে এই অবস্থায় দেখতে পাই। কীভাবে এমন ঘটনা ঘটল, আমি কিছুই বুঝতে পারছি না।”
এ বিষয়ে বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুম খান জানান, প্রাথমিকভাবে এখনই মৃত্যুর কারণ নিশ্চিত করে বলা সম্ভব নয়। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি।
ঢাকা/আমিনুল/ফিরোজ