নাটোরে নির্বাচন-পরবর্তী সহিংসতায় আহত ৪
নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
আহত শামসুল প্রামাণিকে দেখতে হাসপাতালে যান নাটোর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম।
নাটোরের সিংড়া ও লালপুর উপজেলায় পৃথক নির্বাচন–পরবর্তী সহিংসতার ঘটনায় ইউনিয়ন পরিষদের সাবেক এক চেয়ারম্যানসহ অন্তত চারজন আহত হয়েছেন। আহতদের অভিযোগ, বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা এসব হামলা চালিয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দিনব্যাপী ঘটনাগুলো ঘটে।
পুলিশ সূত্র জানায়, শনিবার সকাল ১০টার দিকে সিংড়া উপজেলার ছাতারদীঘি ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আলতাব হোসেন (৬০) কালিগঞ্জ বাজারের একটি চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় ছাতারদীঘি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক শামিম হোসেন হামলা চালিয়ে তাকে মারধর করেন। পরে স্থানীয়রা আলতাব হোসেনকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আ ব ম আবদুর নূর ঘটনার সত্যতা জানিয়েছেন।
আহত আলতাব হোসেন দাবি করেন, নির্বাচনে তিনি নাটোর-৩ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী দাউদার মাহমুদের পক্ষে কাজ করেন। আক্রোশ থেকে তার ওপর হামলা চালানো হয়েছে। এ সময় তার কাছ থেকে পুকুরের মাছ বিক্রির লক্ষাধিক টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
অভিযুক্ত শামিম হোসেন পূর্বের বিরোধের জেরে মারধরের কথা স্বীকার করলেও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন।
একই দিন, সকালে লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের কলসনগর গ্রামে দুর্বৃত্তরা কৃষক মোহাম্মদ শামসুল প্রামাণিকের বাড়িতে হামলা চালায়। দা, ছুরি ও হাঁসুয়া নিয়ে তাকে এবং তার দুই ছেলে মানিক আলী প্রামাণিক ও রতন আলী প্রামাণিককে কুপিয়ে আহত করা হয় বলে অভিযোগ উঠেছে।
আহতরা জানান, নাটোর-১ আসনে বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী তাইফুল ইসলামের পক্ষে কাজ করায় প্রতিপক্ষের সমর্থক শাহাদত হোসেন ও তার সহযোগীরা হামলা চালায়। তারা দুটি ছাগল ও নগদ টাকা ছিনিয়ে নিয়েছে বলেও অভিযোগ করেন তারা।
যোগাযোগ করা হলে শাহাদত হোসেন তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন।
এ বিষয়ে জানতে লালপুর থানার এসআই কামরুল ইসলামকে ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।
জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ বলেন, “এমন কোনো ঘটনার বিষয়ে আমার জানা নেই। তবে বিএনপির কোনো নেতাকর্মী যদি দলের পরিচয় ব্যবহার করে কারো ওপর হামলা চালিয়ে থাকে, তার দায় দল নেবে না। সুনির্দিষ্ট অভিযোগ ও প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”
ঢাকা/আরিফুল/মাসুদ