গাজীপুরে সড়ক নির্মাণে অনিয়ম, উদ্বোধনের আগেই গেল ভেঙে
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম
কাজ শেষ হওয়ার কয়েক দিনের মধ্যেই সড়কের বিভিন্ন অংশে ফাটল ধরে এবং কয়েকফুট দেবে গেছে।
গাজীপুর সিটি করপোরেশনের আওতায় নির্মাণাধীন একটি সড়ক উদ্বোধনের আগেই ভেঙে পড়ায় এলাকাজুড়ে চরম উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। কাজ শেষ হওয়ার কয়েক দিনের মধ্যেই সড়কের বিভিন্ন অংশে ফাটল ধরে এবং কয়েকফুট দেবে যাওয়ায় নির্মাণকাজে অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলেছেন স্থানীয়রা। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে গাজীপুর সিটি করপোরেশন।
কাশিমপুর ধনঞ্জয়খলাী এলাকায় সড়ক নির্মাণের কাজটি বাস্তবায়নের জন্য ইউসিসিএল নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়। গাজীপুর মহানগরীর কাশিমপুর এলাকায় তুরাগ নদের পশ্চিম তীরে সিটি করপোরেশনের অর্থায়নে বিটুমিনাস কার্পেটিং করার লক্ষ্যে দুটি প্যাকেজের আওতায় উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হয়। এর মধ্যে প্যাকেজ নম্বর ১২ এর অধীনে ১ হাজার ১৫০ মিটার রাস্তা নির্মাণের জন্য প্রাক্কলিত ব্যয় ধরা হয় ১০ কোটি ৮০ লাখ টাকা। কিন্তু ঠিকাদারকে প্রাক্কলিত ব্যয়ের অধিক ১১ কোটি ৬৪ লাখ ৪১ হাজার ৫৭১ টাকায় কার্যাদেশ দেওয়া হয় বলে সিটি করপোরেশন সূত্রে জানা গেছে।
আরেকটি প্যাকেজ নম্বর ৫ এর আওতায় ১২০৪৬ মিটার সড়ক নির্মাণের জন্য প্রাক্কলিত ব্যয় ধরা হয় ১৩ কোটি ১৯ লাখ ২১ হাজার টাকা। এখনো প্রাক্কলিত ব্যয়ের বেশি দরে ১৪ কোটি ২৮ লাখ ১১ হাজার ৪৫৯ টাকায় কার্যাদেশ প্রদান করা হয়। দুটি প্যাকেজের অধীনে ২৫০ মিটার ডব্লিউবিএম ৬০ মিলিমিটার কার্পেটিং এক দশমিক ৮ মিটার ফুটপাত, রেলিং নির্মাণ গার্ড ওয়াল নির্মাণ সড়ক নির্মাণ করার কথা।
এলাকাবাসী জানান, নির্বাচনের কয়েকদিন আগেই রাস্তার ঢালাই করা হয়েছে। ঢালাই শেষ হওয়ার ৩ দিন পরেই ভেঙে যায় রাস্তা। এরপর রাস্তা কয়েকফুট দেবে যায়৷ এছাড়া, রাস্তার বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। তাদের দাবি, সড়ক নির্মানের কাজে ব্যাপক অনিয়ম হয়েছে। নিন্মমানের সামগ্রী দেওয়া হয়েছে, যতোটুকু ঢালাই দরকার ছিল তাও দেওয়া হয়নি৷
সরেজমিনে দেখা যায়, মহানগরীর কাশিমপুর ৬ নম্বর ওয়ার্ডের ধনঞ্জয়খালী এলাকায় কয়েক কিলোমিটার সড়ক নির্মানের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এমন অবস্থায় ধনজ্জয়খালী এলাকায় প্রথমে ফাটল ধরে, পরে সেখানে ভেঙে কয়েক ফুট দেবে গেছে।
কাশিমপুর জোনের নির্বাহী প্রকৌশলী শামসুর রহমান বলেন, “নদীর পাড়ে রাস্তাটা হচ্ছে, এটা ন্যাচারাল ডিজাস্টার। পরিকল্পনার কোনো ত্রুটিও থাকতে পারে৷ ঘটনাস্থলে যাচ্ছি, এ বিষয়ে পরে বিস্তারিত বলা হবে।”
গাজীপুর সিটি করপোরেশনের তত্ববধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক এ কে এম হারুনুর রশীদ বলেন, “আমরা ঘটনাস্থলে যাচ্ছি। বিষয়টি সরেজমিনে গিয়ে দেখে বিস্তারিত বলতে পারব।”
ঢাকা/রেজাউল করিম/ইভা