টেকনাফ সৈকতে ভেসে এলো তরুণ-তরুণীর মরদেহ
কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম
টেকনাফ সদর ইউনিয়নের উত্তর লম্বরী সৈকত থেকে বুধবার সকালে দুজনের মরদেহ উদ্ধার করে পুলিশ।
কক্সবাজারের টেকনাফে সমুদ্রসৈকতে এক তরুণ ও তরুণীর মরদেহ ভেসে এসেছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের উত্তর লম্বরী সৈকত এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, মেরিন ড্রাইভ সড়কসংলগ্ন লম্বরী ও মিটাপানির ছড়া নৌঘাট এলাকার সৈকতে দুটি মরদেহ ভেসে আসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। উদ্ধার হওয়া তরুণের পরনে ছিল লম্বা প্যান্ট ও জ্যাকেট।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের কাজ শুরু হয়েছে। মরদেহ দুটির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ঢাকা/তারেকুর/মাসুদ