ঢাকা     রোববার   ১০ মে ২০২৬ ||  বৈশাখ ২৭ ১৪৩৩ || ২৩ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ঈদ উপলক্ষে টিসিবির পণ্য বিক্রি ১১ মে শুরু

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৩, ১০ মে ২০২৬  
ঈদ উপলক্ষে টিসিবির পণ্য বিক্রি ১১ মে শুরু

পবিত্র ইদুল আজহা উপলক্ষে দেশজুড়ে ৭২০টি ভ্রাম্যমাণ ট্রাকে সাশ্রয়ী মূল্যে ভোজ্য তেল, চিনি ও মসুর ডাল বিক্রি শুরু করতে যাচ্ছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আগামী ১১ মে থেকে ২১ মে পর্যন্ত ১০ দিন পণ্য বিক্রি করা হবে (শুক্রবার বাদে)। প্রতিদিন প্রতিটি ট্রাক থেকে পণ্য কিনতে পারবেন ৪০০ জন।  

রবিবার (১০ মে) টিসিবির উপ-পরিচালক (বাণিজ্যিক) ও দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  

আরো পড়ুন:

ঢাকা মহানগরীসহ জেলায় ৫০টি, চট্টগ্রাম মহানগরীসহ জেলায় ২০টি, অন্য ৬টি বিভাগীয় শহর ও সংশ্লিষ্ট জেলায় প্রতিটিতে ১৫টি করে এবং বাকি ৫৬টি জেলায় ১০টি করে মোট ৭২০টি ট্রাকে পণ্য বিক্রি হবে।  

একজন ক্রেতা সর্বোচ্চ ২ লিটার ভোজ্য তেল ১৩০ টাকা লিটার দরে, ১ কেজি চিনি ৮০ টাকা দরে এবং ২ কেজি মসুর ডাল ৭০ টাকা কেজি দরে কিনতে পারবেন। 

পণ্য কিনতে কোনো কার্ড লাগবে না। যেকোনো ভোক্তা ট্রাক থেকে পণ্য সংগ্রহ করতে পারবেন।  

টিসিবি জানিয়েছে, এই কার্যক্রমের মাধ্যমে প্রায় ২৮ লাখ ৮০ হাজার উপকারভোগীর কাছে ১৩ হাজার ৯৩৯ মেট্রিক টন পণ্য বিক্রি করা হবে। টিসিবির কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রির নিয়মিত কার্যক্রমও চলতে থাকবে।

ইদুল আজহা উপলক্ষে মে মাসে প্রায় ৭২ লাখ কার্ডধারী পরিবারের কাছে ৩৪ হাজার ৮৪৮ মেট্রিক টন পণ্য বিক্রি করা হবে। কার্ডধারীদের জন্য তেল, চিনি ও ডালের দাম ও পরিমাণ অপরিবর্তিত থাকবে।  

ঈদের বাজারে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে পণ্য পৌঁছে দিতে টিসিবির এই বিশেষ বিক্রয় কার্যক্রম  হাতে নেওয়া হয়েছে।

ঢাকা/এএএম/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়