ঢাকা     রোববার   ১০ মে ২০২৬ ||  বৈশাখ ২৭ ১৪৩৩ || ২৩ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ডেঙ্গু ঠেকাতে প্রথমবারের মতো ডিএসসিসির প্রাকবর্ষা লার্ভা জরিপ শুরু

জ্যেষ্ঠ প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২০, ১০ মে ২০২৬   আপডেট: ১৮:২২, ১০ মে ২০২৬
ডেঙ্গু ঠেকাতে প্রথমবারের মতো ডিএসসিসির প্রাকবর্ষা লার্ভা জরিপ শুরু

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে নিজস্ব ব্যবস্থাপনায় ‘প্রাকবর্ষা এডিস মশার লার্ভা জরিপ’ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। 

আজ রবিবার নগর ভবনের বুড়িগঙ্গা হলে এই জরিপ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডিএসসিসি প্রশাসক মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।  

ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডের প্রতিটি থেকে ৩০টি করে মোট ২ হাজার ২৫০টি বাড়ি নমুনা হিসেবে বেছে নেওয়া হয়েছে।  দৈবচয়ন ও বৈজ্ঞানিক উপায়ে পরিচালিত এই জরিপে ডিএসসিসি ও স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার মোট ৩৬ জন মাঠকর্মী অংশ নিচ্ছেন। তথ্য সংগ্রহের নির্ভুলতা নিশ্চিত করতে আধুনিক ‘কবো টুলবক্স’ ব্যবহার করা হচ্ছে।  

জরিপ শেষে ব্রেটো ইনডেক্স, হাউস ইনডেক্স, কন্টেইনার ইনডেক্স এবং পিউপা ইনডেক্সের মাধ্যমে ফল প্রকাশ করা হবে। এই তথ্য ভবিষ্যতে ডেঙ্গুর ‘হটস্পট’ চিহ্নিত করতে সহায়ক হবে বলে জানিয়েছে ডিএসসিসি।  

উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসক মো. আবদুস সালাম বলেন, ‘‘ডেঙ্গু এখন জনজীবনের জন্য হুমকি। নাগরিকদের এই ঝুঁকি থেকে রক্ষা করতে কার্যকর ও বিজ্ঞানসম্মত পদক্ষেপ নেওয়ার লক্ষ্যেই আমরা প্রথম নিজস্ব ব্যবস্থাপনায় এই জরিপ পরিচালনা করছি। রোগের উৎপত্তিস্থল বা সোর্স সঠিকভাবে শনাক্ত করা গেলে প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার আগে অঙ্কুরেই বিনষ্ট করা সম্ভব হবে।’’

মাঠ পর্যায়ের কর্মীদের কঠোর সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, ‘‘এটি মানুষের জীবন-মরণের প্রশ্ন। কোনো এলাকায় না গিয়ে মনগড়া রিপোর্ট দেওয়া হবে মানুষের জীবন নিয়ে খেলার শামিল। অর্পিত দায়িত্বে অবহেলা কোনোভাবেই বরদাশত করা হবে না।’’

উদ্বোধন শেষে প্রশাসক ফুলবাড়িয়া মোড়ের কেন্দ্রীয় পশু হাসপাতালে জরিপ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে হাসপাতালের অভ্যন্তরে মশার লার্ভা এবং জমাটবদ্ধ পানি ও বর্জ্য পাওয়ায় তিনি হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি তীব্র অসন্তোষ প্রকাশ করেন।

তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি। একইসঙ্গে সেখানে লার্ভা ধ্বংসে প্রয়োজনীয় ওষুধ ছিটানোর নির্দেশ দেন।   

ডিএসসিসি জানিয়েছে, জরিপ চলাকালে যেসব স্থানে লার্ভা বা ঝুঁকিপূর্ণ পরিবেশ পাওয়া যাবে, সেখানে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি নিয়মিত মশক নিধন কার্যক্রমও অব্যাহত থাকবে।

ঢাকা/এএএম//

সর্বশেষ

পাঠকপ্রিয়