ময়মনসিংহে হত্যা মামলায় ৩ ভাইয়ের যাবজ্জীবন
ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ময়মনসিংহে নুরুল হক নামের এক ব্যক্তিকে হত্যার মামলায় ৩ সহোদর ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ৩০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন—ময়মনসিংহের গফরগাঁও উপজেলার শিলাসী গ্রামের গিয়াস উদ্দিনের তিন ছেলে শাহবাজ মিয়া (৫৮), হানিফা (৫০) ও মো. রফিকুল ইসলাম (৫৩)।
রবিবার (১০ মে) দুপুরে ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক ফারজানা আহমেদ এ রায় ঘোষণা করেন।
আদালতের বেঞ্চ সহকারী আব্দুল মালেক তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এ মামলায় ৬ অভিযুক্ত আদালতে উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারক। অপর তিনজনকে খালাস দেওয়া হয়েছে।
মামলার নথির বরাত দিয়ে বেঞ্চ সহকারী আব্দুল মালেক জানান, ২০০৮ সালের ১০ আগস্ট সকালে গফরগাঁও উপজেলার শিলাসী গ্রামে নুরুল হকের বাড়ির পাশে বরইবাগানে একদল ছেলে ফুটবল খেলছিল। খেলার একপর্যায়ে ফুটবল নুরুল হকের টিনের বেড়ায় লাগে। এতে নুরুল হক ক্ষিপ্ত হয়ে ছেলেদের খেলা বন্ধ করে তাড়িয়ে দেন। পরে ছেলেদের স্বজন শাহবাজ মিয়াসহ তার পরিবারের লোকজনকে নিয়ে এসে নুরুল হকের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা করেন। গুরুতর আহত অবস্থায় নুরুল হককে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পর নিহত নুরুল হকের ছেলে কাজল মিয়া বাদী হয়ে গফরগাঁও থানায় হত্যা মামলা দায়ের করেন। ওই মামলা তদন্ত করে পুলিশ ৬ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন। হত্যায় জড়িত থাকার প্রমাণ মেলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন এ এইচ এম মাসুদুল আলম খান তান্না এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট খালেকুজ্জামান।
ঢাকা/মিলন/রফিক