ঢাকা     রোববার   ১০ মে ২০২৬ ||  বৈশাখ ২৭ ১৪৩৩ || ২৩ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ইবি ছাত্রদলে আসছে নতুন নেতৃত্ব, আলোচনায় শীর্ষে যারা

তানিম আহমেদ, ইবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০০, ১০ মে ২০২৬   আপডেট: ১৮:০১, ১০ মে ২০২৬
ইবি ছাত্রদলে আসছে নতুন নেতৃত্ব, আলোচনায় শীর্ষে যারা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের তিন মাস মেয়াদী আহ্বায়ক কমিটির বয়স এখন প্রায় ৪ বছর ১১ মাস। সম্প্রতি দেশের বিভিন্ন শাখায় নতুন কমিটি গঠনের ধারাবাহিকতায় দ্রুতই ইসলামী বিশ্ববিদ্যালয় শাখাতেও নতুন কমিটি গঠনের সম্ভাবনা রয়েছে।

দীর্ঘদিন মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়ে সংগঠন পরিচালনায় অছাত্র, নিষ্ক্রিয় ও চাকরিজীবী সদস্যদের সম্পৃক্ততা নিয়ে ওঠা নানা অভিযোগের মধ্যেই এই উদ্যোগকে নতুন নেতৃত্বের সম্ভাবনা হিসেবে দেখছেন পদপ্রত্যাশী নেতাকর্মীরা।

আরো পড়ুন:

২০২১ সালের ১৬ জুন লোকপ্রশাসন বিভাগের ২০০৭-০৮ বর্ষের সাহেদ আহম্মেদকে আহ্বায়ক এবং ইংরেজি বিভাগের ২০১১-১২ বর্ষের মাসুদ রুমী মিথুনকে সদস্য সচিব করে ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রদল। ওই সময় কমিটির মেয়াদ নির্ধারণ করা হয়েছিল তিন মাস। কিন্তু প্রায় পাঁচ বছর পার হলেও কমিটির কার্যক্রম অব্যাহত রয়েছে। এ সময়ের মধ্যে অধিকাংশ সদস্যই দীর্ঘদিন নিষ্ক্রিয় হয়ে পড়েছেন। অনেকে বিবাহিত ও চাকরিজীবী, কেউ কেউ আবার বিদেশেও অবস্থান করছেন বলে জানা গেছে। এতে পদবঞ্চিত ও নতুন কর্মীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে।

সূত্র জানায়, নতুন কমিটি নিয়ে সংগঠনের ভেতরে এখন আলোচনা তুঙ্গে। পদপ্রত্যাশীদের কেউ কেউ ঢাকায় অবস্থান করে কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন। পাশাপাশি সামাজিক ও সাংগঠনিক কার্যক্রমে সক্রিয়তা দেখিয়ে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন অনেকে। তবে দলের দুর্দিনে যারা মাঠে ছিলেন, শিক্ষার্থীবান্ধব ও জুলাই আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছেন; তাদেরই গুরুত্ব দেওয়া হতে পারে বলে জানা গেছে।

নতুন কমিটিতে সম্ভাব্য নেতৃত্বে আলোচনায় আছেন ইংরেজি বিভাগের ২০১১-১২ বর্ষের শিক্ষার্থী ও বর্তমান কমিটির সদস্য সচিব মাসুদ রুমী মিথুন, পরিসংখ্যান বিভাগের একই বর্ষের শিক্ষার্থী ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০১৮-১৯ বর্ষের শিক্ষার্থী রাফিজ আহমেদ এবং ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের একই বর্ষের শিক্ষার্থী নূর উদ্দিন।

এছাড়াও, কমিটিতে স্থান পাওয়ার গুঞ্জনে আছেন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০১৪-১৫ বর্ষের শিক্ষার্থী রোকনুজ্জামান অর্ক (বিবাহিত), হিসাববিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ বর্ষের রাকিবুল ইসলাম স্বাক্ষর, ২০১৯-২০ বর্ষের তৌহিদুল ইসলাম এবং মার্কেটিং বিভাগের একই বর্ষের আলামিন হোসেন।

শাখা ছাত্রদলের সদস্য নূর উদ্দিন বলেন, “ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটি দীর্ঘদিন ধরে কেন্দ্রীয়ভাবে প্রক্রিয়াধীন রয়েছে। নিয়মিত শিক্ষার্থীরা কমিটি নিয়ে আগ্রহী এবং নিজেদের যথাযথ মূল্যায়নের বিষয়ে আশাবাদী। ভবিষ্যতে যারা দায়িত্বে আসবেন, তারা শিক্ষার্থীবান্ধব ও দায়িত্বশীল ভূমিকা পালন করবেন বলে আমরা বিশ্বাস করি। রানিং স্টুডেন্টদের সমন্বয়ে একটি শক্তিশালী কমিটি গঠিত হলে ছাত্রদল তার হারানো ঐতিহ্য ফিরে পাবে।”

ছাত্রদলের সদস্য রাফিজ আহমেদ বলেন, “কেন্দ্রীয় ছাত্রদল নিয়মিত শিক্ষার্থীদের দিয়ে কমিটি গঠনের যে প্রতিশ্রুতি দিয়েছে, ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন কমিটির মাধ্যমে তার প্রতিফলন ঘটবে বলে আমরা আশা করি। আমরা এমন নেতৃত্ব প্রত্যাশা করি, যা শিক্ষার্থীবান্ধব, জবাবদিহিমূলক ও সাংগঠনিকভাবে কার্যকর হবে।”

সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ বলেন, “বিগত আন্দোলন-সংগ্রামে যারা রাজপথে ছিলেন এবং শিক্ষার্থীবান্ধব ভূমিকা রেখেছেন, কেন্দ্র তাদের মূল্যায়ন করবে বলে আশা করি। বিতর্কিত কেউ কমিটিতে আসবে না বলেই আমাদের প্রত্যাশা। যোগ্যদের নিয়েই একটি সুন্দর কমিটি উপহার দেওয়া হবে বলে আমরা আশাবাদী।”

সদস্য সচিব মাসুদ রুমী মিথুন বলেন, “কেন্দ্র যখন ভালো মনে করবে, তখনই নেতৃত্ব দেবে। যোগ্যদেরই সুযোগ দেওয়া হবে বলে আমি আশাবাদী। আমাকে দায়িত্ব দিলে আমি সংগঠনের আদর্শ ও কর্মপদ্ধতি অনুযায়ী দল পরিচালনা করবো।”

ইবি দায়িত্বে থাকা ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জহির রায়হান আহমেদ বলেন, “বিশ্ববিদ্যালয়গুলোর কমিটির বিষয়ে আমার দায়িত্ব শেষ করেছি। উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দুইটি খসড়া দেওয়া হয়েছে। বাকিটা তাদের সিদ্ধান্ত। খুব শিগগিরই কমিটি ঘোষণা করা হবে।”

নতুন কমিটির অগ্রগতি বিষয়ে জানতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের সাড়া পাওয়া যায়নি।

ঢাকা/তানিম/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়