হবিগঞ্জে আ.লীগের অফিস খুলল নেতাকর্মীরা
হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কয়েকজন নেতাকর্মী স্লোগান দিয়ে তালা খুলে কার্যালয়ের ভেতরে প্রবেশ করে।
দলীয় স্লোগান দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের হবিগঞ্জ জেলা কার্যালয়ের তালা খুলে ভেতরে প্রবেশ করেছে দলটির নেতাকর্মীরা।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে হবিগঞ্জ শহরের টাউন হল এলাকায় অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে ১০–১২ জন নেতাকর্মী জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দেয় এবং কার্যালয়ের ভেতরে প্রবেশ করে।
২০২৪ সালের ৪ আগস্ট ছাত্র-জনতার বিক্ষোভের সময় কার্যালয়টি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। পর দিন ৫ আগস্ট আওয়ামী লীগের পতনের পর থেকে কার্যালয়টি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। নেতাকর্মীরা আত্মগোপনে থাকায় দীর্ঘদিন দলীয় কার্যক্রম পরিচালিত হয়নি।
অন্তর্বর্তী সরকার আইন করে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে। সেটি এখনো বলবত আছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠনের পর এই প্রথমবারের মতো জেলা কার্যালয়ে পুনরায় কার্যক্রম শুরুর ঘোষণা দেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
আওয়ামী লীগের দায়িত্বশীল নেতারা আত্মগোপনে থাকায় এ বিষয়ে কথা বলতে তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি অবগত নন বলে জানান।
ঢাকা/মামুন/বকুল